২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনাসংক্রান্ত হত্যা মামলার অধিকতর তদন্তের জন্য সময়সীমা আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে ছয় দফায় এক বছরের বেশি সময় বাড়ানো হলো।গতকাল সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষে বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম আগামী ৭ মার্চ পর্যন্ত এ সময় নির্ধারণ করেন।রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, মামলার অধিকতর তদন্তকালে গ্রেনেডের উৎস ও সরবরাহকারীকে শনাক্ত করার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এরই মধ্যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের দুই বিদেশি সদস্যকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের পর বিদেশি নাগরিক আবদুল মজিদ ভাট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গি সদস্য আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। আসামি মালেকও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন।