আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি হয়েছে গতকাল মঙ্গলবার। শুনানিতে অধিকতর তদন্তের অগ্রগতি জানতে চেয়ে আবেদন করেছেন বাদীপক্ষের আইনজীবী। রাঙামাটি জেলা জজ আদালতের বিচারিক হাকিম কাজী মোহাম্মদ মোহছেনের আদালতে এ শুনানি হয়। তবে আদালত তাৎক্ষণিকভাবে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ দেননি।
বেলা ১১টা ৪৫ মিনিটে আদালত কল্পনা চাকমার অপহরণ মামলার অধিকতর তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। এ সময় বাদীপক্ষের আইনজীবী বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান বলেন, ২০১৩ সালের ১৬ জানুয়ারি আদালত পুলিশ সুপারকে স্বয়ং অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে ২৪ বার। এর আগে সাবেক পুলিশ সুপার আমেনা বেগম একবার অধিকতর তদন্তের অগ্রগতি প্রতিবেদন দিয়েছিলেন। সেটা তথ্যসমৃদ্ধ ছিল না। এখন বাদী জানতে চান, তদন্তের অগ্রগতি কতটুকু হয়েছে।
জুয়েল দেওয়ান আদালতকে বলেন, যেহেতু নতুন পুলিশ সুপার বদলি হয়েছেন। তাঁকে প্রয়োজনে কিছু সময় দিয়ে অধিকতর তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হোক।
পুলিশের আদালত পরিদর্শক মো. আবুল কালাম পুলিশ সুপারের পক্ষে সময়ের আবেদন করে বলেন, নতুন পুলিশ সুপার এসেছেন। তাঁকে মামলাটি বোঝার ও জানার জন্য একটু সময় দিতে হবে।
শুনানির সময় মামলার বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা উপস্থিত ছিলেন।
কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১১ জুন মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইল্যাঘোনার নিজ বাড়ি থেকে অপহৃত হন। ওই সময় তিনি হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঘটনার পর ২০১০ সালের ২১ মে বাঘাইছড়ি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক এবং ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মো. শহীদুল্লাহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। কিন্তু বাদী কালিন্দী কুমার চাকমা প্রতিবেদনে প্রকৃত আসামিদের আড়াল করার অভিযোগ তুলে দুটিতেই নারাজি আবেদন করেন।