অধিকতর তদন্তের অধিকার রয়েছে তদন্ত সংস্থার: হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় অনুমতি ছাড়াই অধিকতর তদন্তের সুযোগ তদন্ত সংস্থার রয়েছে জানিয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আপিল আবেদন নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি নিষ্পত্তি করেন।
আদালতে সেলিনা ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মন্টু ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির। পরে মনিরুজ্জামান কবির প্রথম আলোকে বলেন, আবেদন নিষ্পত্তি করে হাইকোর্ট বলেছেন, আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে ষড়যন্ত্রমূলক অপরাধ দণ্ডবিধির ১২০-বি ধারা অন্তর্ভুক্ত করেননি মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে দণ্ডবিধির ১২০-বি অন্তর্ভুক্ত করলেও তা আমলে নিতে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজের কোনো বাধা নেই। আদালত বলেছেন, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আগে তদন্ত প্রতিবেদন দিলেও অধিকতর তদন্ত করার অধিকার রয়েছে তদন্ত সংস্থার। তদন্ত সংস্থা যদি আরও তদন্ত করে কারও বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পায়, তাহলে তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে পারে। এ ক্ষেত্রে আদালতের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। চলতি বছরের ৮ এপ্রিল মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক কয়েকজন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে এজাহারে উল্লিখিত পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়া হয়। এ অভিযোগপত্র প্রত্যাখ্যান করে নারাজি আবেদন করেন নিহত নজরুলের স্ত্রী।