অধিকতর তদন্তের আদেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদকসহ চারজনকে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় পুলিশ। এ পরিপ্রেক্ষিতে বাদীর করা নারাজির আবেদন মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে আমলি আদালতের (গ অঞ্চল) বিচারক জয়ন্তী রানী দাস এ আবেদন মঞ্জুর করেন। তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদবির একজনকে দিয়ে এ মামলার অধিকতর তদন্তের আদেশ দেন।
নাচোল উপজেলার মানিকাড়া গ্রামে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী তরিকুল ইসলাম একটি পুকুর খনন করায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কৃষকদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে তাঁরা ১৫-২০ বিঘা জমিতে আবাদ করতে পারছেন না। এ ছাড়া গভীর নালা কেটে চাষাবাদ বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। এলাকাবাসী আরও বলেন, এলাকার তিন পুকুরা নামে আলাদা তিনটি খাস পুকুর কেটে এক করে দখল করে নিয়েছেন তরিকুল ইসলাম।
এমন খবর পেয়ে মানিকাড়া গ্রামে পেশাগত দায়িত্ব পালনের জন্য গত ২৬ আগস্ট প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, খোলা কাগজ-এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আব্দুর রবসহ চারজন ওই গ্রামে তথ্য সংগ্রহ করতে যান। পুকুরসহ ক্ষতিগ্রস্ত বাড়িঘর, জমিজমা ও রাস্তার ছবি তুলে ফেরার পথে গ্রামের রাস্তায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের চারজনের ওপর হামলা চালানো হয়।
এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে নাচোল থানায় গত ২৮ আগস্ট মামলা করেন। ২০১৭ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাছির উদ্দীন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে তরিকুল ইসলামের নাম নেই। এ অবস্থায় ১ মার্চ আদালতে নারাজি আবেদন করেন আনোয়ার হোসেন। আদালত ওই দিন আসামিদের জামিন বাতিল করে গতকাল আদেশের দিন ধার্য করেছিলেন।