চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভার ট্র্যাজেডির ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল ভারপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সহীদুল ইসলামের আদালতে এ আবেদন করেন মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী। আদালত ১৮ জুন শুনানির দিন ধার্য করেছেন৷
গত ২৬ মে ফ্লাইওভার ট্র্যাজেডি নিয়ে ‘শনাক্ত হয়নি মূল হোতারা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে ১৬ জনের মৃত্যু হয়৷ এ ঘটনায় চান্দগাঁও থানার এসআই আবুল কালাম বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৪ অক্টোবর চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে৷ আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য পাঠান মহানগর দায়রা জজ আদালতে৷
গতকাল দাখিল করা নারাজি আবেদনে উল্লেখ করা হয়, তদন্তকারী কর্মকর্তা গুরুত্ব দিয়ে ব্যাপকভাবে মামলাটি তদন্ত করলে এজাহারে থাকা বাকি আসামিদের অব্যাহতি দিতেন না৷ ফ্লাইওভারটি নির্মাণকালে পরামর্শক প্রতিষ্ঠান, ঠিকাদার, তদারককাজে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা সতর্কতা অবলম্বন করলে এত লোকের জীবন বিপন্ন হতো না। প্রকল্প বাস্তবায়নকালে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হলে এ দুর্ঘটনা ঘটত না। দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলা ও গাফিলতির কারণে এ দুর্ঘটনা। তাই মামলাটি একটি নিরপেক্ষ সংস্থা দিয়ে অধিকতর তদন্ত করে মূল হোতাদের চিহ্নিত করা হোক।
ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে বলেন, পুলিশ দায়সারা তদন্ত করে শুধু আটজনকে আসামি করে আলোচিত এ মামলার অভিযোগপত্র দিয়েছে। কিন্তু তদারককারী প্রতিষ্ঠান কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে আসামি না করে কয়েকজন কর্মচারীকে আসামি করেছে।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমস পক্ষে তৎকালীন ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, একই প্রতিষ্ঠানের মনজুরুল ইসলাম, আবদুল জলিল, আমিনুর রহমান, আবদুল হাই, মোশাররফ হোসেন, শাহজাহান আলী ও রফিকুল ইসলামকে আসামি করা হয়৷
ওই আটজনকে অভিযুক্ত করা হলেও এজাহারে থাকা আসামি প্রকল্প পরিচালক এ এ এম হাবিবুর রহমান, আবদুর রাজ্জাক, এম এ মতিন, তানজিব হোসেন, সালাউদ্দিন আহমেদ চৌধুরী, হোসাইন আহমেদ, শাহ জাহান, আবদুল হান্নান, আবছার হোসেন, মোস্তাফিজুর রহমান, বাবুল কুমার বিশ্বাস, অরুণ কুমার বিশ্বাস, আবদুল খালেক মিয়া, বায়েজীদ মীর কামাল, মেজবাহুল কবির, সাইদুর রহমান, সোহেল হাছান, তৌহিদুর রহমান, তারেক মাহমুদ।