অধিকতর তদন্তের আবেদন করবে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী ও মডেল তানিয়া মাহবুব ওরফে তিন্নি হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়নি। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচারকাজ চলছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার শুনানি শেষে বিচারক মিজানুর রহমান এ তারিখ ধার্য করেন।আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী নিহত তিন্নির বাবা মাহবুবুল করিম আদালতে সাক্ষ্য না দিয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য মৌখিক আবেদন জানান। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী রুহুল আমিন অধিকতর তদন্তের জন্য আবেদন করা হবে বলে জানান আদালতকে। শুনানি শেষে আদালত এ তারিখ ধার্য করেন।রুহুল আমিন সাংবাদিকদের বলেন, এ মামলার একমাত্র আসামি সাবেক সাংসদ গোলাম ফারুক অভি। তিনি বর্তমানে পলাতক আছেন। মামলার ঘটনার সঠিক তদন্ত হয়নি। যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকলেও পুলিশ তদন্তকালে অভিযোগপত্র থেকে তিন্নির স্বামী পিয়ালের নাম বাদ দিয়েছেন। মামলাটির অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন। আগামী ধার্য তারিখে অধিকতর তদন্তের আবেদন করা হবে বলে আইনজীবী জানান। ২০০২ সালের ১০ নভেম্বর তিন্নি খুন হন। ঢাকার পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত চীনমৈত্রী সেতুর নিচে তিন্নির লাশ পাওয়া যায়। পরদিন কেরানীগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। নিহত তিন্নির লাশ শনাক্ত হওয়ার পর তিন্নির স্বামী পিয়াল ও কাজের মেয়ে বীনাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি মামলার তদন্ত করে ২০০৮ সালের ৮ নভেম্বর গোলাম ফারুক অভিকে আসামি করে অভিযোগপত্র দেয়। তিন্নির স্বামী পিয়ালসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্তকালে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করে সিআইডি। আদালত অভিযোগপত্র গ্রহণ করে পাঁচজনকে অব্যাহতির আদেশ দেন। চলতি বছরের ১৪ জুলাই একমাত্র আসামি অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।