নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের ওপর আদেশের জন্য ৯ ডিসেম্বর (বুধবার) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার এই আবেদনের ওপর তৃতীয় দিনের মতো শুনানি হয়। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মন্টু ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
শুনানিতে আবদুল বাসেত মজুমদার বলেন, সাত খুনের ঘটনা হঠাৎ করে হয়নি। এটা একটা ষড়যন্ত্রের অংশ। অধিকতর তদন্ত হলে ওই ষড়যন্ত্রের ঘটনা বেরিয়ে আসবে। এ সময় আদালত প্রশ্ন করেন, অভিযোগপত্রের কোথায় আছে যে এখানে একটি অপরাধের ষড়যন্ত্র হয়েছে?
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান আবেদনটি খারিজের আরজি জানিয়ে বলেন, অধিকতর তদন্তের নির্দেশ দিয়ে মামলাটিকে দীর্ঘসূত্রতায় ফেলার কোনো সুযোগ নেই। এ ছাড়া সম্পূরক অভিযোগপত্র দেওয়ার সুযোগ সব সময় আছে।
শুনানি শেষে আদেশের জন্য ৯ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত।
সাত খুনের এই মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বরখাস্ত করা কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে চলতি বছরের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় ১১ মে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম।
৮ জুলাই নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ওই নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র গ্রহণ করেন। পরে সেলিনা ইসলাম নারাজি আবেদন পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন করলে ৯ নভেম্বর ওই আবেদনও খারিজ করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এরপর তিনি বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন। ২৯ নভেম্বর ওই আবেদনের ওপর শুনানি শুরু হয়।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও চন্দন সরকারের জামাতা পৃথক দুটি মামলা করেন।