অধিকতর তদন্তের আবেদনের বিষয়ে আদেশ সোমবার
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের ওপর আদেশের জন্য ১৪ ডিসেম্বর (সোমবার) দিন পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল বুধবার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। কিন্তু বিচারিক আদালতের একটি নথি না থাকায় আদেশের দিন পিছিয়ে দেওয়া হয়। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও মন্টু ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
সাত খুনের এই মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া কাউন্সিলর নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে চলতি বছরের ৮ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রে এজাহারভুক্ত পাঁচ আসামিকে বাদ দেওয়ায় ১১ মে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম।
৮ জুলাই নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ওই নারাজি আবেদন খারিজ করে অভিযোগপত্র গ্রহণ করেন। পরে সেলিনা ইসলাম নারাজি আবেদন পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন করলে ৯ নভেম্বর ওই আবেদন খারিজ করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এরপর তিনি বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন। ২৯ নভেম্বর ওই আবেদনের ওপর শুনানি শুরু হয়।