মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলায় অধিকতর তদন্তের জন্য আবারও সময় চেয়েছে সিআইডি।
গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য তারিখে তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ সময় চেয়ে আবেদন করেন। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মাহমুদ খান তা মঞ্জুর করেন এবং আগামী ৯ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, গতকালের সময় আবেদনে বলা হয়, এই মামলায় তদন্ত কার্যে তথ্য সংগ্রহের জন্য দেশ-বিদেশে যেতে হচ্ছে। তা ছাড়া গুরুত্বপূর্ণ সাক্ষীদের বর্তমান ঠিকানা সংগ্রহ এবং তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই সময় প্রয়োজন।
গত ২২ এপ্রিল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু অধিকতর তদন্ত শেষ করতে না পারায় ওই দিনও সিআইডি আদালত থেকে সময় চেয়ে নেন।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এ মামলার প্রধান আসামি। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তার কয়েক দিনে আগে ২৯ জানুয়ারি এই মামলার বিচারক পরিবর্তন হয়। ১০ ফেব্রুয়ারি নতুন বিচারক রায় ঘোষণার তারিখ প্রত্যাহার করে আবার যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্দেশ দেন। এ জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করলে আদালত মঞ্জুর করেন।
মামলার নথিপত্র অনুযায়ী, ১৯৮১ সালে তত্কালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়। ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই বছরের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন: মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ, মেজর কাজী এমদাদুল হক, লে. কর্নেল শামসুর রহমান শামস ও লে. কর্নেল মোস্তফা কামাল উদ্দিন।