তদন্তে ত্রুটি থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলায় অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষে আগামী ২২ এপ্রিল প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খন্দকার হাসান মাহমুদ ফিরোজ এ আদেশ দেন।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে ১৯ বছর ধরে চলে আসা এ মামলায় নতুন করে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য গতকাল দিন ধার্য ছিল।
গতকাল সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান খান আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। কারণ হিসেবে তিনি বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও অভিযোগপত্র পর্যালোচনায় দেখা যাচ্ছে যে তদন্তে ত্রুটি রয়েছে। তা ছাড়া গুরুত্বপূর্ণ সাক্ষীদের অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি বলেন, এখন বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। তদন্তকারী কর্মকর্তার তদন্তে অসম্পূর্ণতা রয়েছে। তাই ন্যায়বিচারের স্বার্থে ঘটনার অধিকতর তদন্ত হওয়া প্রয়োজন।
এই আবেদনের বিরোধিতা করেন এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। তিনি আদালতকে বলেন, ঘটনার ১৪ বছর পর মামলা হয়েছে। এরপর ১৯ বছর ধরে মামলাটি চলছে। বিচারের শেষ প্রান্তে এসে অধিকতর তদন্তের আবেদন করা হচ্ছে। বলা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে।
এরশাদের আইনজীবী গণমাধ্যমের বিষোদ্গার করে বলেন, ১৯ বছর এসব গণমাধ্যম কোথায় ছিল? এখন রায়ের আগে বিচারাধীন বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, এখন যদি অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে বিচার বিভাগ গণমাধ্যম দ্বারা নিয়ন্ত্রিত হবে। তিনি রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করার দাবি জানান।
এরপর মামলার আরেক আসামি মেজর (অব.) এমদাদুল হক আদালতকে বলেন, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপর জেনারেল মঞ্জুর মারা যান। ওই ঘটনা নিয়ে তৎকালীন বিএনপি সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে, যা বাতিল করা হয়নি। ওই শ্বেতপত্র বাতিল না করে এই মামলা চলতে পারে না বলে তিনি আদালতে দাবি করেন।
আদালত এই মামলার দুই আসামি মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুর রহমান শামসের বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান। জবাবে সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান খান বলেন, হাইকোর্টে এ বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। তবে অনুলিপি পাওয়া যায়নি। পরবর্তী তারিখে তা আদালতে দাখিল করা হবে।
এ সময় এইচ এম এরশাদসহ বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচার চলছে। ১০ ফেব্রুয়ারি মামলাটির রায়ের ধার্য তারিখ ছিল। কিন্তু তার আগে ২৯ জানুয়ারি এ আদালতের বিচারক পরিবর্তন হয়। এরপর ওই ধার্য তারিখে নতুন বিচারক রায়ের আদেশ প্রত্যাহার করে নতুন করে যুক্তি-তর্ক উপস্থাপনের আদেশ দেন। এ জন্য গতকাল দিন ধার্য ছিল।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ১৯৮১ সালে তৎকালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়।
ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই বছরের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।