অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজাহারভুক্ত চার আসামিকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ায় চট্টগ্রামে ট্রেনের বগিতে নাশকতার মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো নুরুল হুদা গত বুধবার এ আদেশ দেন।
২০১৩ সালের ৭ মে ভোররাতে চট্টগ্রাম রেলস্টেশনের প্ল্যাটফর্মে সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে রেলের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনায় রেলওয়ে থানার হাবিলদার এস এম মঞ্জুর আলম ১৭ জনের বিরুদ্ধে চট্টগ্রাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি মো. আবুল হাশেম বলেন, আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় মিন্টু মিয়া ও আজগর আহাম্মদ নামের দুই যুবককে আটক করে পুলিশ। তাঁরা আদালতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে চট্টগ্রাম রেলওয়ে থানার তৎকালীন উপপরিদর্শক ইয়াছিন ফারুক মজুমদার গত বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দেন। এজাহারে থাকা চার আসামি মো. হাছান, মো. মনির, নাফিস ও মো. মনিরুলের নাম বাদ দিয়ে ১৩ জনের বিরুদ্ধে ওই অভিযোগপত্র দেওয়া হয়। কিন্তু মিন্টু মিয়া ও আজগর আহাম্মদের জবানবন্দিতে বাদ দেওয়া চার আসামির নাম রয়েছে। হাছান ও মনিরের নেতৃত্বে রেলের বগিতে আগুন দেওয়া হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়। সেখানে তাঁরা নগরের কোন কলেজের ছাত্র তা-ও রয়েছে। কিন্তু পুলিশ সঠিক নাম-ঠিকানা না পাওয়ার অজুহাত দেখিয়ে তাঁদের বাদ দিয়েছে।
আবুল হাশেম জানান, মামলাটি বিচারের জন্য বিচারিক হাকিম আদালত থেকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আসে। গত বুধবার অভিযোগপত্রে উল্লিখিত ১৩ আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়ার দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষ থেকে বাদ দেওয়া চার আসামির বিরুদ্ধেও অপরাধ আমলে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক চট্টগ্রাম রেলওয়ে থানা-পুলিশকে মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।