অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণ উৎসবে নারী লাঞ্ছনার ঘটনায় করা মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে আগামী ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দিতে হবে। গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন।
গত বছর পয়লা বৈশাখে নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। কাউকে গ্রেপ্তার করতে না পেরে পুলিশ গত ডিসেম্বরে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয়। কিন্তু গত ২৭ জানুয়ারি নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত সন্দেহে পুরান ঢাকা থেকে মো. কামাল নামের এক ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক দীপক কুমার দাস মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন আদালতে। গতকাল সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি মাহমুদা আকতার মামলাটিতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দিয়ে অধিকতর তদন্তের আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলাটি অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলেও শুরুতে পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। পরে বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে। এ ঘটনায় পুলিশ শাহবাগ থানায় মামলা করে। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। এরপর পুলিশ সদর দপ্তর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত আটজনের ছবি প্রকাশ করে। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে কমিটিও করা হয়। ওই ঘটনায় পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণও পায় তদন্ত কমিটি।