অধিকতর তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার দরপত্র নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে শিশুসহ জোড়া খুনের ঘটনায় ৬২ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকন শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
গত সোমবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আতিক চৌধুরী চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি আলমগীর টিপুসহ ৬২ জনকে আসামি করা হয়।
২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের সিআরবির সামনে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮) নিহত হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, আদালত অধিকতর তদন্তের জন্য তদন্তকারী সংস্থা পিবিআইকে নির্দেশ দিয়েছেন।