অধিকতর তদন্তের মেয়াদ আরও ১৩ দিন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের মেয়াদ আরও ১৩ দিন বাড়ানো হয়েছে। গতকাল সোমবার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল-সংক্রান্ত শুনানির তারিখ ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ করতে আরও সময় প্রার্থনা করলে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মাহবুব-উল ইসলাম তা মঞ্জুর করেন। আগামী ৬ জুন পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর বলেন, আসল অপরাধীদের চিহ্নিত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্তের জন্য সময় প্রার্থনা করে। আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন। তিনি জানান, এ নিয়ে ৩০ বার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘মামলার কিছু আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তাই অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে দেরি হচ্ছে।’ ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড বিস্ফোরণে কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।