অধিকতর তদন্তের শুনানির নতুন তারিখ, নারাজি দাখিল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের শুনানির জন্য আগামী ১১ আগস্ট নতুন তারিখ ধার্য করা হয়েছে। গতকাল সোমবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক এ তারিখ ধার্য করেন। ওই আদালতের বিচারক না থাকায় কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্রের ওপর বাদী পক্ষের নারাজি দরখাস্তও গতকাল দাখিল সম্ভব হয়নি।আদালত সূত্র জানায়, গত ২০ জুন হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর কিবরিয়ার পরিবার তা প্রত্যাখ্যান করে। হবিগঞ্জ আদালতে গত ২৮ জুন কিবরিয়া পরিবারের পক্ষে অভিযোগপত্রের ওপর নারাজি দরখাস্ত দাখিল করতে গেলে আদালত তা সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে দাখিল করতে বলেন।সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে গতকাল মামলার ধার্য তারিখে নারাজি দরখাস্ত দাখিল করতে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর ভূঁইয়া বাবুল কিবরিয়ার পরিবারের পক্ষে সিলেটে আসেন। আলমগীর ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট আদালতের বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারক আগামী ১১ আগস্ট নতুন তারিখ দিয়েছেন। ওই দিন নারাজি দরখাস্ত দাখিল করা হবে।’ ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।