অধিকতর তদন্তের সম্পূরক অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা, লাশ গুম, লুটপাট, অগ্নিসংযোগ-সংক্রান্ত মামলায় ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক আদালত ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে তা মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেন।বর্তমানে মহানগর দায়রা জজ আদালতে মামলাটির বিচারকাজ চলছে। ২৮ মার্চ এ মামলাটির অভিযোগ গঠন-সংক্রান্ত শুনানির দিনও ধার্য রয়েছে।গত সোমবার বেলা সাড়ে চারটায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করে।সূত্র জানায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে জড়িত আসামিদের বিডিআরের নিজস্ব আইনে বিচার শুরু হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে ইউনিট পর্যায়ে অনেক নতুন অপরাধীর নাম বেরিয়ে আসে। বিডিআরের নিজস্ব আইনে তাঁদের বিচার সম্ভব না হওয়ায় জওয়ানদের একটি তালিকা সিআইডিকে দেওয়া হয়। এরপর গত ৩ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা নিজেই অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন করেন। আদালত ৩ মার্চের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। কিন্তু ৩ মার্চ অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর দায়রা জজ ২৩ মার্চের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।