চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাঁটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় তদন্তের সময়সীমা আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। আদালত এই মামলায় বর্তমান তদন্ত কর্মকর্তাকে এ নিয়ে ১২ দফা তদন্তের সময় বাড়িয়ে দিয়েছেন। ২০০৭ সালের নভেম্বর থেকে তদন্তের সময়সীমা মোট বাড়ানো হয়েছে ১৮ দফা।জানা গেছে, তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ৬০ দিন সময় বাড়ানোর আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক এ কে এম শামসুল ইসলাম ৪৫ দিন সময় বাড়ান।সময় বাড়ানোর আবেদনের যৌক্তিকতা তুলে ধরে চট্টগ্রাম মহানগর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহাম্মদ আদালতকে বলেন, গত এক মাসে তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী অস্ত্র খালাসের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত সচিব মো. নুরুল আমিনকে গ্রেপ্তারের সিদ্ধান্ত হয়েছে। এটি মামুলি কোনো মামলা নয়। তাই আরও দুই মাস সময় বাড়ানো প্রয়োজন।সরকারি কৌঁসুলির বক্তব্যের জবাবে বিচারক শামসুল ইসলাম বলেন, ‘মামলাটি খুবই সহজ, আবার খুবই কঠিন। তবে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার।’ শুনানি শেষ হওয়ার পর বিচারক ২৯ জুন পর্যন্ত তদন্তের সময়সীমা বাড়ানোর আদেশ দেন। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাঁট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়। ভারতের উত্তর-পূর্ব বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াতের জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের নভেম্বরে চাঞ্চল্যকর এ মামলার অধিকতর তদন্ত শুরু হয়। একপর্যায়ে বেশ কয়েকজন সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করে। সাবেক মন্ত্রী নিজামী ও প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ইতিমধ্যে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।নুরুল আমিন পলাতক: শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. নুরুল আমিন পলাতক আছেন। তাঁর বাসায় এবং সম্ভাব্য জায়গায় সিআইডি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, নুরুল আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।