২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা মামলার অধিকতর তদন্তের সময় আরও তিন মাস বেড়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম এ সময় বৃদ্ধি করেন। আদালত আগামী ১০ মের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এ নিয়ে তিন দফা সময় বাড়ানো হলো। গতকাল আদালতে সিআইডির দেওয়া আবেদনে বলা হয়, আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন তত্কালীন সরকারের প্রশাসন, তার প্রমাণ পাওয়া গেছে। আসামি ও সাক্ষীদের দেওয়া তথ্য যাচাই এবং অন্য আসামিদের চিহ্নিত ও গ্রেপ্তার করার জন্য সময় প্রয়োজন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক মাসদার হোসেন অধিকতর তদন্তের আদেশ দেন। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ মামলাটি তদন্ত করছেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত হয়। এ ঘটনায় মতিঝিল থানায় পৃথক দুটি মামলা করা হয়। একটি হত্যা অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলাটিরও অধিকতর তদন্ত চলছে। এ মামলার তদন্ত আগামী ৪ মার্চের মধ্যে শেষ করতে আদালতের নির্দেশ রয়েছে। গত বছরের ১১ জুন সিআইডি পুলিশ আবদুস সালাম পিন্টুসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ আট আসামি পলাতক রয়েছেন।