আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তে আবারও সময় চেয়েছে সিআইডি। গতকাল মঙ্গলবার ওই আদালতে মামলার সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার তারিখ ধার্য ছিল।মামলার তদন্ত কর্মকর্তার পক্ষে বিশেষ কৌঁসুলি (স্পেশাল পিপি) আরও সময় চেয়ে একটি দরখাস্ত দাখিল করেন। শুনানি শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. মমিনউল্লাহ ১৫ দিন সময় দিয়ে আগামী ২৩ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে গত ৩২ মাসে ৬৬ বার সময় বাড়ানো হলো।বিশেষ কৌঁসুলি কিশোর কুমার কর প্রথম আলোকে জানান, তদন্ত কর্মকর্তা (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম) সম্পূরক অভিযোগপত্র দাখিলে আরও সময় চান। গতকাল শুনানি শেষে আদালত ২৩ জুন তারিখ নির্ধারণ করেন।২০০৮ সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের নির্দেশে কিবরিয়া হত্যা মামলা সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। ওই বছরের ২২ সেপ্টেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মুহাম্মদ মাহবুব-উল-ইসলাম অধিকতর তদন্তসংক্রান্ত শুনানি শেষে তদন্ত কর্মকর্তাকে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছিলেন।