২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার অধিকতর তদন্তের মেয়াদ আরও তিন মাস বেড়েছে।গতকাল বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্তের জন্য আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করে। ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ তিন মাসের সময় দেন। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে তিন দফা এ মামলার সময় বাড়ানো হয়েছে।এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান গতকাল আদালতকে বলেন, মামলাটির তদন্ত শেষ না হওয়ায় আরও সময় প্রয়োজন। আদালত রাষ্ট্রপক্ষের কৌঁসুলিকে বলেন, ‘এর আগেও সময় চাওয়া হয়েছিল। এভাবে সময় দিতে থাকলে বছর শেষ হয়ে যাবে। দ্রুত তদন্ত শেষ করুন।’ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ তত্কালীন বিচারক মাসদার হোসেন গত বছরের ৩ আগস্ট ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন। তখন একই সঙ্গে আদালত দুই মাসের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং আহত হন কয়েক শ নেতা-কর্মী। এ ঘটনায় তখন মতিঝিল থানায় পৃথক দুটি মামলা হয়।