২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দুটি মামলার অধিকতর তদন্তের সময় আরও ১০ দিন বেড়েছে।সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ঢাকার পৃথক দুটি আদালত এ সময় বাড়ান। আগামী ৩ জুলাই মামলা দুটির (হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা) অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।মামলা দুটির রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান গতকাল সিআইডির আবেদন দুটি আদালতে দাখিল করেন। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এবং হত্যা মামলায় ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) চমন চৌধুরী আবেদন মঞ্জুর করেন। সিআইডির আবেদনে বলা হয়, মামলা দুটির অধিকতর তদন্ত শেষ পর্যায়ে। এ মামলায় প্রথম শ্রেণীর কয়েকজন সরকারি কর্মকর্তার নাম এসেছে। তাঁদের সম্পৃক্ত করার ক্ষেত্রে সরকারের অনুমতির প্রয়োজন। আর এই আনুষঙ্গিক কাজ শেষ করতে আরও ১০ দিন সময় প্রয়োজন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ ব্যক্তি। সিআইডি ২০০৮ সালের ১১ জুন আদালতে মামলা দুটির অভিযোগপত্র জমা দেয়। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ মামলা দুটির অধিকতর তদন্তের আবেদন করে।