অধিকতর তদন্তের সময় বেড়েছে আরও ৯০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার অধিকতর তদন্তের সময়সীমা আরও ৯০ দিন বাড়ানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর আদালতের ভারপ্রাপ্ত দায়রা জজ মো. গোলাম সারওয়ার সময় বাড়ানোর এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় অধিকতর তদন্তের সময়সীমা এ নিয়ে ১০ দফা বাড়ানো হলো। চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ১০ ট্রাক অস্ত্র আটকসংক্রান্ত মামলার অধিকতর তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আরও কিছু বিষয় নিয়ে তদন্তের প্রয়োজন। তাই এসংক্রান্ত মামলা দুটির তদন্তের সময় বাড়ানোর জন্য তদন্ত কর্মকর্তা ১৩ নভেম্বর আদালতে আবেদন করেন। শুনানি শেষে গতকাল আদালত ৯০ দিন সময় মঞ্জুর করেন।আদালতে তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরীর দেওয়া প্রতিবেদনে বলা হয়, তদন্তসংক্রান্ত ব্যাপারে আদালতের নির্দেশনায় সাতটির মধ্যে ছয়টির ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি পর্যবেক্ষণের বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এসংক্রান্ত প্রচেষ্টা চলমান আছে। অধিকতর তদন্তকালে ঘটনা সম্পর্কে ছয়জন গুরুত্বপূর্ণ সাক্ষী—পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) শামসুল ইসলাম, সিআইডির সাবেক ডিআইজি ফররুখ আহমেদ চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনার সাব্বির আলী, বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামান ও শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব শোয়েব আহমদের জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ অসমাপ্ত আছে। ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে তদন্তে বেরিয়ে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।