অধিকতর তদন্তের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি গঠন-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন করেছেন। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

এ দফায় তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিন সদস্যের কমিটিতে অপর দুজন সদস্য যুগ্ম সচিব পদমর্যাদার। এর আগে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, যাঁদের বিরুদ্ধে ক্রেস্টের স্বর্ণ জালিয়াতির ঘটনায় অভিযোগ ছিল, তাঁদের মধ্যে সচিব পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। বিভাগীয় কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করানোর সিদ্ধান্তটি প্রশ্নের মুখে পড়ে। সরকারের ঊর্ধ্বতন মহলও এ বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি। এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে অধিকতর তদন্তের অনুরোধ জানায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একাধিক অনুরোধের পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে প্রধানমন্ত্রীর অনুমতি পেয়ে সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেটি অনুমোদন হয়ে আসার পর আজই কমিটি গঠন করা হবে।

এর আগে গত ৭ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে একটি বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করা হয়।
একই সঙ্গে এই কেনাকাটার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তকালীন যেন তাঁরা এ-সংক্রান্ত কোনো কাগজপত্র মন্ত্রণালয় থেকে সরাতে না পারেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। 

ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে করা তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত দোষী কর্মকর্তা, সরবরাহকারী প্রতিষ্ঠানসহ সবার অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়েছিল।

গত ৫ এপ্রিল প্রথম আলোয় ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।