অধিকতর শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের অধিকতর শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানি নিয়ে রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। শুনানি নিয়ে ৬ জানুয়ারি আপিল নিষ্পত্তি করা হয়।
ওই দিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ফলাফলের ঘরে লেখা ‘আপিল ডিসপোজড অব ইউথ এক্সপানশন, মোডিফিকেশন, অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিংস’। তবে আদেশ বিষয়ে আইনজীবীর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। এরপর গতকাল সকাল ১০টায় অধিকতর শুনানির জন্য আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার ৪ নম্বর ক্রমিকে আসে।
দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শেষে আদালত বলেন, ‘আমরা কিছু বিষয়ে সংক্ষিপ্ত আদেশ দিয়ে থাকি। কারণ অপব্যাখ্যা দেওয়ার সম্ভাবনা থাকে। আদালতের কার্যক্রম সম্পর্কে সব পক্ষকে সচেতন হতে হবে।’