অধিকাংশ অগ্নিকাণ্ড ঘটে বৈদ্যুতিক ত্রুটি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ৭২ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৈদ্যুতিক ত্রুটি থেকে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।
অগ্নিকাণ্ডের ঝুঁকি ও কারণ চিহ্নিতকরণ এবং প্রতিরোধে করণীয় বিষয়ক ওই সভা গাজীপুরের টঙ্গী রেলগেট এলাকায় হয়। সভায় স্থানীয় তুলার গুদাম মালিকসহ এলাকাবাসী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ, সিটি করপোরেশনের সচিব আসলাম হোসেন প্রমুখ।
সভায় জানানো হয়, দেশে মানবসৃষ্ট দুর্যোগগুলোর মধ্যে অগ্নিকাণ্ড অন্যতম। অগ্নিদগ্ধ হয়ে প্রাণনাশের ঘটনা প্রতিবছরই বাড়ছে। শুধু ২০১৩ সালেই দেশে ৮ হাজার ৮৬৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর অধিকাংশই ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে।
আকতারুজ্জামান বলেন, একমাত্র সচেতনতাই পারে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা কমিয়ে আনতে।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা দেয় কেয়ার বাংলাদেশ ও এর সহযোগী সংস্থা ভার্ক এর ‘বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর’ প্রকল্প এবং মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেড।