অধিকাংশ অভিযোগের সুরাহা হয়নি, আশ্বাসে ক্ষোভ-অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যক্রম নিয়ে বছরের শুরুতে অনুষ্ঠিত গণশুনানির জন্য অভিযোগ জমা পড়েছিল ৭৭টি। সেদিন ৩০টির বেশি অভিযোগের শুনানিতে রাজউকের কর্মকর্তারা দ্রুততম সময়ে ভুক্তভোগী ব্যক্তিদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এর জন্য বেঁধে দেওয়া সময় কারও ক্ষেত্রে ছিল এক সপ্তাহ, কারও এক মাস, কারও কিছুটা বেশি। কিন্তু বছর গড়াতে চললেও প্রতিকার পাননি বেশির ভাগ অভিযোগকারী। এদিকে রাজউকে সেবাপ্রার্থীর হয়রানি-ভোগান্তি তো কমেইনি, বরং বেড়েছে অনাস্থা ও ক্ষোভ।

গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজউকের কার্যক্রম নিয়ে ফলোআপ গণশুনানিতে এমন চিত্রই উঠে এসেছে। এর আগে রাজউক নিয়ে গণশুনানি হয়েছিল গত ২৭ জানুয়ারি।
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে জাপানের সাহায্য সংস্থা জাইকার সহযোগিতায় সরকারি সেবা দপ্তরগুলোর ওপর পর্যায়ক্রমে গণশুনানির আয়োজন করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুনানির শেষ পর্যায়ে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

>ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল রাজউকের কার্যক্রম নিয়ে ফলোআপ গণশুনানিতে এমন চিত্রই উঠে এসেছে। এর আগে রাজউক নিয়ে গণশুনানি হয়েছিল গত ২৭ জানুয়ারি

২৭ জানুয়ারি রাজউকের বিষয়ে গণশুনানিতে দুদকের কাছে অভিযোগ করা ব্যক্তিদের মধ্যে ৪০ জন সমাধান না পাওয়ার অভিযোগ করেন গতকাল। শুনানিতে মঞ্চের বাঁ দিকে পর্যায়ক্রমে কয়েকজন অভিযোগকারী এসে হয়রানির কথা বলেন। এ সময় দর্শকের সারি থেকে রাজউকের কর্মকর্তাদের উদ্দেশে নানা মন্তব্য আসে, যা থামাতে বেশ কয়েকবার মঞ্চের মাঝখানে বসা দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কর্মকর্তাদের ভূমিকা রাখতে হয়। মঞ্চে বসা ছিলেন রাজউকের চেয়ারম্যানও।
শুনানি সঞ্চালনা করেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার। মঞ্চের ডানে বসা রাজউকের উন্নয়ন, পরিকল্পনা ও এস্টেট শাখার সদস্য, পরিচালক, উপপরিচালক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা নাগরিকদের প্রশ্নের উত্তর দেন।
ভুক্তভোগীদের অভিযোগের মধ্যে ছিল টাকা জমা দিয়েও প্লটের দখল না পাওয়া, একজনের প্লট অন্যের নামে বরাদ্দ দেওয়া, লটারিতে বিজয়ী হয়েও প্লট না পাওয়া, অবৈধ স্থাপনা ভাঙার আবেদন করার পরও না ভাঙা, ক্ষতিগ্রস্ত হিসেবে প্লট পাওয়ার কথা থাকলেও না পাওয়া, নামজারি, প্ল্যান পাস করার ক্ষেত্রে হয়রানি-সংক্রান্ত।
শুনানিতে আমানুল্লাহ নামের একজন বলেন, ‘২৭ জানুয়ারির শুনানিতে বাড্ডা পুনর্বাসন প্রকল্পে আমার একটি প্লট এক মাসের মধ্যে অবমুক্ত করে দেওয়ার কথা ছিল। এখনো তা দেওয়া হয়নি।’
দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বিষয়ে রাজউকের বক্তব্য জানতে চাইলে সংস্থাটির একজন কর্মকর্তা বলেন, ‘বিষয়টি খুব সহজ নয়। আবেদনকারীর সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। একটু সময় লাগবে।’ এ সময় দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্ষোভের সঙ্গে বলেন, ‘২৭ তারিখেও তো আপনারা একই কথা বলেছিলেন। এখন আবার একই কথা বলছেন। একটু সময় লাগবে মানে কী? তাহলে এই ১০ মাস আপনারা কী করলেন? আমরা কি শুধু আশ্বাস দিয়েই যাব? জনগণের প্রতি কি আপনাদের কোনো দায়বদ্ধতাই নেই?’
প্রবাসী চিকিৎসক রেজাউল ইসলাম ২৭ জানুয়ারি অভিযোগ করেছিলেন, তাঁর নামে বরাদ্দ হওয়া উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ৪১ নম্বর প্লটটিতে অন্যজন বাড়ি করেছেন। সেদিন তাঁকে অন্য একটি প্লট সৃজন করে দেওয়ার আশ্বাস দিয়েছিল রাজউক। কিন্তু গতকাল শুনানিতে যুক্তরাজ্য থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, ‘সেই প্লট এখনো বুঝে পাইনি। কোনো অগ্রগতিও নেই।’
নাসির খান নামের এক ব্যক্তির অভিযোগ, উত্তরায় এমন একটি প্লট বুঝে পেতে রাজউকের সাবেক এক চেয়ারম্যান তাঁর কাছে ২ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। এ সময় দুদকের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম রাজউকের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘এই যে রাজউকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠল, এতে কি আপনাদের মাথা হেঁট হয়ে যায় না?’
শুনানি শেষে দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তিনি রাজউকের চেয়ারম্যানকে বলেছেন যে তাঁর প্রতিষ্ঠান ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত’। এর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তিনি রাজউককে এলাকাভিত্তিক গণশুনানি আয়োজনের পরামর্শ দেন। একই সঙ্গে ফলোআপ শুনানিতে অভিযোগকারীদের সমস্যা সমাধানে যে আশ্বাস দেওয়া হয়েছে, সেটা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিটি বিষয় নজরদারি করব।’
রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বলেন, ‘২৭ জানুয়ারির শুনানিতে যে অভিযোগগুলো উঠেছিল, তার কিছু বিষয় নিষ্পত্তি হয়েছে। অনেকগুলোই হয়নি। আজকের শুনানিতে সবাই খোলামেলাভাবে যে কথাগুলো বলেছেন, তা আমরা গ্রহণ করেছি। শুনানির নির্দেশনার আলোকে আমরা সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।’