
বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে অধিকাংশ এখনো গ্রেপ্তার হয়নি। এ অবস্থায় আতঙ্কে দিন কাটছে তাঁর পরিবারের সদস্যদের। পলাতক আসামিদের গ্রেপ্তার করে আদালতের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশ্বজিতের মা ও বাবা।
২০১২ সালের ৯ ডিসেম্বর দরজি দোকানি বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। দেশব্যাপী আলোড়ন তোলা ওই হত্যাকাণ্ডের আজ দ্বিতীয় বার্ষিকী।
আলোচিত এ হত্যা মামলার ২১ আসামির মধ্যে আটজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ জন পলাতক। বাকি মাত্র আটজন কারাগারে। সাজাপ্রাপ্ত আসামিরা সবাই ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুজন হলেন রাজন তালুকদার ও নুরে আলম এবং পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন খন্দকার ইউনুস আলী, মনিরুল হক, তারিক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।
এঁদের মধ্যে কামরুল হাসান গত ৩১ আগস্ট বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে যোগ দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আরেক আসামি ইমরান হোসেনও ছাত্রলীগের এক আলোচনা সভায় যোগ দেন, সেটি ২৫ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। অন্যতম আসামি আজিজুর রহমানও প্রকাশ্যে ঘোরাফেরা করেছেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁকে দেখা গেছে। মামলার ১ নম্বর আসামি রাজন তালুকদার সক্রিয় ফেসবুকে। এসব বিষয়ে ২০ নভেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গত রোববার দুপুরে বিশ্বজিতের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরায় গিয়ে দেখা যায়, ছেলে হারানোর শোকে এখনো শোকাতুর বিশ্বজিতের মা ও বাবা। এর চেয়েও তাঁরা বেশি আতঙ্কিত।
কেন এ আতঙ্ক, সেই প্রশ্নে বিশ্বজিতের বাবা অনন্ত দাস বলেন, ‘ছেলেকে হত্যা করা হয়েছে দুই বছর হয়ে গেল। এখনো সব আসামি গ্রেপ্তার হয়নি। আসামিরা কখনো গ্রেপ্তার হবে কি না, তাও জানি না। সব সময় একটা ভয় ও আতঙ্কের মধ্যে থাকি। পলাতক আসামিরা আবার আমার পরিবারের কোনো ক্ষতি করে বসে কি না?’
মা কল্পনা দাস বলেন, ‘পুত্র হারানোর শোক বুকে নিয়ে হত্যাকারীদের সাজা কার্যকর দেখার জন্য বেঁচে আছি।’
বিশ্বজিতের ভাই উত্তম দাস থাকেন পুরান ঢাকায়। তিনি বলেন, ‘রাস্তায় বের হলেই ভয় ও আতঙ্ক কাজ করে। এখনো অনেক আসামি পলাতক। সব সময় আতঙ্ক, তারা কোনো ক্ষতি করে কি না?’
জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশ্বজিতের পরিবারের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ সব সময় পরিবারটির খোঁজখবর রাখছে।