অধিকাংশ ইউপিতে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দফায় গতকাল শনিবার সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অধিকাংশ ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: কিশোরগঞ্জ ও ডোমারের ১৯টি ইউনিয়নে গতকাল নির্বাচন হয়। দুই উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। প্রার্থীরাও বলছেন ভোট সুষ্ঠু হয়েছে। বেলা ১১টার দিকে ডোমারের হরিণচড়া ইউনিয়নের বিএনপির প্রার্থী ওসমান গণি বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। বেলা একটার দিকে কথা হয় বামুনিয়া ইউনিয়নের নাটুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হায়াতুল আলমের সঙ্গে। তিনি বলেন, এ কেন্দ্রে ১ হাজার ২৩৮ ভোটের মধ্যে এখন পর্যন্ত ৮০০ ভোট পড়েছে। ওই কেন্দ্রের সামনে কথা হয় আওয়ামী লীগের প্রার্থী মনোরঞ্জন রায় ও আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. ওয়াহেদুজ্জামানের সঙ্গে। তাঁরা দুজনই বলেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে।
গাইবান্ধা: সদর উপজেলার ছয়টি ও সাদুল্যাপুর উপজেলার ১১টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যেও ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকেন।
বেলা ১১টায় বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর আদর্শ কলেজ কেন্দ্রে দেখা যায়, ভোটারদের উপচে পড়া ভিড়। দুপুর সাড়ে ১২টায় একই ইউনিয়নের মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে একই চিত্র চোখে পড়ে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটার জবা বেগম (৪২) বলেন, ‘ভালোভাবেই ভোট দিতে পারলাম।’
জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত ৩২টি কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।’
বিরামপুর (দিনাজপুর): চিরিরবন্দরের ১২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত নশরতপুর ইউনিয়নের রানীবন্দর দারুল ইসলাম দাখিল মাদ্রাসা কেন্দ্র, রানীবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ. নশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতনালা ইউনিয়নের উত্তর ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেজংপুর ইউনিয়নের মধ্য ফতেজংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইশবপুর ইউনিয়নের উত্তর সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ঘুরে ভোটার ও ভোটকেন্দ্র সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈরী আবহাওয়া ও জমিতে ধান কাটার ভরা মৌসুমের কারণে ভোটাররা সকাল সকালেই ভোট দিয়ে গেছেন।
ইউএনও ফিরোজ মাহমুদ বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে।
পঞ্চগড়: আটোয়ারীর পাঁচ ইউপির ভোটকেন্দ্রগুলোতে সকালে পুরুষ ভোটারের আর দুপুরের পর নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তবে বেলা ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে ভোট গ্রহণ বিঘ্নিত হয়। তবে ৩০ মিনিট পরই ভোট গ্রহণ চলে।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডে কোনো প্রতিষ্ঠান নেই। তাই তো বাধ্য হয়ে এক কক্ষের গুয়াবাড়ী ইবতেদা​িয় মাদ্রাসার পাশে টিন আর ত্রিপল দিয়ে অস্থায়ী ভোটকেন্দ্র তৈরি করা হয়। ছবিটি গতকাল বেলা আড়াইটার দিকে তোলা l প্রথম আলো
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডে কোনো প্রতিষ্ঠান নেই। তাই তো বাধ্য হয়ে এক কক্ষের গুয়াবাড়ী ইবতেদা​িয় মাদ্রাসার পাশে টিন আর ত্রিপল দিয়ে অস্থায়ী ভোটকেন্দ্র তৈরি করা হয়। ছবিটি গতকাল বেলা আড়াইটার দিকে তোলা l প্রথম আলো

উপজেলার কিছু কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন। গুয়াবাড়ী এতবেদায়ি মাদ্রাসায় অস্থায়ীভাবে টিনশেড ও কাপড়ে ঢেকে ভোটকেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে ছয়টি বুথে গাদাগাদি করে ভোটারদের ভোট দিতে হয়েছে। এ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা নাজিরুল ইসলাম বলেন, ‘কক্ষ সংকটে মাদ্রাসার টিনশেডের একই কক্ষে চারটি বুথ স্থাপন করা হয়। এমন অবস্থায় ভোট নিতে হিমশিম খেতে হয়।’
লালমনিরহাট: সদর ও আদিতমারীর ১৬টি ইউপিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন হওয়ার পেছনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাধারণ ভোটারদের অবদান বেশি। জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য মহল নির্বাচন কমিশনকে সঠিক পরামর্শ দেওয়া ও পালনে সহযোগিতা করায় এ সাফল্য এসেছে।