কাল রোববার দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্যান্য স্থানের মতো সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ও সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনেও ভোট গ্রহণ করা হবে। তবে সাতক্ষীরা-১ আসনের অধিকাংশ এলাকায় প্রার্থীরা প্রচারণা চালাতে পারেননি।
জামায়াত-শিবিরের তাণ্ডবের পর যৌথ বাহিনীর অভিযানের পরও বাড়িঘর ছেড়ে যাওয়া অধিকাংশ মানুষ ফেরেননি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সাতক্ষীরা-২ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদ, স্বতন্ত্র প্রার্থী সাইফুল করিম, ন্যাপের প্রার্থী কাজী সাইদুর রহমান ও জাতীয় পার্টির (জেপি) সাতক্ষীরা জেলার সভাপতি মহাসিন হোসেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাতক্ষীরা-২ আসনে চার প্রার্থীই মূলত মাইকে প্রচারণা চালিয়েছেন। ১৪টি ইউনিয়নের মধ্যে ফিংড়ি, ব্রহ্মরাজপুর, ধুলিহর লাবসা ও বল্লী ইউনিয়ন এলাকায় প্রার্থীরা সীমিত প্রচারণা চালিয়েছেন। আগরদাঁড়ি, বৈকারি, কুশখালী, বাঁশদাহ, ঘোনা, ঝাউডাঙ্গাসহ নয়টি ইউনিয়নে প্রচারণা নেই বললেই চলে।
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের এক আওয়ামী লীগের নেতা প্রথম আলোকে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন আত্মগোপনে রয়েছেন। সভাপতি হাবিবুর রহমানকে তিন দফায় মারধর করা হয়েছে। সাধারণ সম্পাদক তাপস আচার্য্যের বাড়ি দুই দফা পুড়িয়ে দেওয়া হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ওপর কয়েকবার হামলা করা হয়েছে। তাঁর ভাই সিরাজুল ইসলামকে খুন করা হয়েছে। এ ইউনিয়নের অধিকাংশ নেতা-কর্মী এলাকাছাড়া। যৌথ বাহিনীর অভিযানের পরও তারা ভরসা পাচ্ছেন না। বাড়িতে ফিরছেন না।
আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেদ বলেন, ‘পৌরসভা ছাড়া কয়েকটি ইউনিয়নে প্রচারণা চালানো গেছে। যেসব এলাকায় যাওয়া যায়নি, সেসব এলাকার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে ভোট প্রার্থনা করে স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি।’
স্বতন্ত্র প্রার্থী সাইফুল করিম জানান, দুই দফায় তাঁর নির্বাচনী প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে। প্রচারণার মোটরসাইকেল বহরের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। কর্মীদের মারধর করা হয়েছে।
ন্যাপ প্রার্থী কাজী সাইদুর রহমান জানান, পৌরসভার বাইরে তেমন যেতে পারেননি। তবে শহরে প্রচারণার পাশাপাশি পথসভা করেছেন।
জেপি সাতক্ষীরা জেলার সভাপতি মহাসিন হোসেন বলেন, ঝুঁকি থাকার পরও তিনি বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও সভা করেছেন।
পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ভোটারদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।