অধিকাংশ কেন্দ্রে ভোটার কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র। ঘন কুয়াশা ও কনকনে শীতের সকালে প্রথম এক ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়ে মাত্র আটটি। পরে কুয়াশা কাটলেও কেন্দ্রটিতে ভোটার খরা কাটেনি।
বিকেলে ভোট গ্রহণের সময় শেষে দেখা যায়, তিন হাজার ১২ ভোটারের এই কেন্দ্রে ভোট পড়ে ২৮৩টি (৯ দশমিক ৩৯ শতাংশ)। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের স্থগিত হওয়া যে ৪৬টি কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়েছে, এগুলোর একটি গাবতলী পাইলট উচ্চবিদ্যালয়। বাকি কেন্দ্রগুলোর বেশির ভাগে ছিল কম-বেশি এমন চিত্র।
তবে রানীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় এক হাজার ১০০ ভোট পড়ার কথা জানান ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রশীদ। তিনি জানান, দিন শেষে ওই কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ। ভোট গ্রহণ শেষে ১৫টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুটি কেন্দ্রে ৩০ শতাংশের বেশি ও পাঁচটি কেন্দ্রে ১০ শতাংশের কম ভোট পড়েছে। পার রানীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে। স্থগিত হওয়া ৪৬টি কেন্দ্রের মোট ভোটার এক লাখ ১৫ হাজার ৫৬৬ জন।
এই আসনের মোট ১৬১টি কেন্দ্রের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনে ১১৫টির ফলাফল ঘোষণা করা হয়। এতে জাতীয় পার্টির প্রার্থী মু. আলতাফ আলী এগিয়ে আছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জেপির এ টি এম আমিনুল ইসলাম। গতকাল নেপালতলী উচ্চবিদ্যালয়, শহীদ জিয়া বালিকা উচ্চবিদ্যালয়, কদমতলী উচ্চবিদ্যালয়, নারুয়ামালা উচ্চবিদ্যালয়, সবধনকুটি সরাকরি প্রাথমিক বিদ্যালয়, রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রথমার ছেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক্কাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উঞ্চুরখী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাকোপা আতবজান উচ্চবিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও ভোটার উপস্থিতি খুব কম।
রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ১০৩ জন। প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রশীদের হিসাবে দিন শেষে এখানে মোট এক হাজার ৩৬৪টি ভোট পড়েছে। তিনি জানান, প্রথম এক ঘণ্টায় ৮০ ভোট, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এক হাজার ৯৭ ভোট পড়ে। অর্থাৎ প্রথম ঘণ্টায় ৮০ এবং পরবর্তী আড়াই ঘণ্টায় এক হাজার ১৭ ভোট পড়ে। শেষ সাড়ে তিন ঘণ্টায় পড়ে ২৬৭। ওই কেন্দ্রে বেশি ভোট পড়ার খবর পেয়ে প্রথম আলোর প্রতিবেদকেরাসহ কয়েকজন সাংবাদিক দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে যান। তখন বুথের বাইরে দু-একজন ভোটার ছিলেন। নিজেকে মহিষাবান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া সুলতান মাহমুদ এগিয়ে এসে বলেন, ‘আপনারা আসার আগে ভোটারের দীর্ঘ লাইন ছিল। বিকেলে অনেকেই ভোট দিতে আসবেন।’
বেলা দুইটায় প্রিসাইডিং কর্মকর্তা জানান, সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত ১৩১টি ভোট পড়েছে। সকালে লম্বা লাইন ছিল। এই কেন্দ্রের পার্শ্ববর্তী পার রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট দুই হাজার ১০ ভোটের মধ্যে পড়ে ৬৮টি।