অধিকাংশ চিকিৎসক-সেবিকা বিনা ছুটিতে অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর হাসপাতালের অধিকাংশ চিকিৎসক ও সেবিকা বিনা ছুটিতে হাসপাতালের বাইরে থাকায় ঈদের পর রোগীরা চিকিৎসাসেবা পাচ্ছে না।বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা সদর উপজেলার ভর্ত্তাইসা গ্রামের রহিমা খাতুন (৫০) বলেন, ‘আমার বুকে প্রচণ্ড ব্যথা। সকাল থেকে চিকিৎসকের জন্য হাসপাতালে অপেক্ষা করছি, পাই নাই। এখন চিকিৎসার জন্য ঢাকা যেতে হচ্ছে।’ সড়ক দুর্ঘটনায় আহত দিদারুল ইসলামের ভাই সাব্বির আলম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আমার ভাই গুরুতর আহত হয়েছে। জরুরি বিভাগে সামান্য চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসক না থাকায় তাকে ঢাকায় নিয়ে যাচ্ছি।’গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত হাসপাতালে অবস্থান করে দেখা গেছে, চারজন চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন। বাকি চিকিৎসকদের কক্ষগুলো তালাবদ্ধ। বহির্বিভাগে কয়েক শ রোগী ভিড় করে আছেন। চিকিৎসাসেবা না পেয়ে অনেকে ফিরে গেছেন। সংকটাপন্ন অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্বজনেরা ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ১৫ আগস্ট থেকে হাসপাতালের অধিকাংশ চিকিৎসক ও সেবিকা ছুটি ছাড়াই বাইরে রয়েছেন। ঈদের পর বুধবার থেকে কর্মদিবস শুরু হলেও তাঁরা হাসপাতালে আসেননি। কবে নাগাদ তাঁরা কর্মস্থলে যোগ দেবেন তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে শরীয়তপুর সদর হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হয়। অবকাঠামোগত উন্নয়ন হলেও ৫০ শয্যার লোকবল দিয়েই চলছে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। বর্তমানে হাসপাতালে ১৯ জন চিকিৎসক কর্মরত। তাঁদের মধ্যে চারজন চিকিৎসক ঈদের ছুটির সময় হাসপাতালে অবস্থান করেন। পাঁচজন চিকিৎসক ঈদের ছুটির সঙ্গে বুধ ও বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। ১০ জন চিকিৎসক ছুটি ছাড়াই হাসপাতালের বাইরে অবস্থান করছেন। এদিকে হাসপাতালের ৩০টি নার্স পদের মধ্যে ১০টি পদ শূন্য রয়েছে। ২০ জন নার্সের মধ্যে চারজন রোগীদের সেবা দিচ্ছেন। বাকি ১৬ জন নার্স ছুটি ছাড়াই হাসপাতালের বাইরে অবস্থান করছেন।হাসপাতালের ১৯ নম্বর শয্যায় থাকা রোগী নড়িয়া উপজেলার লোনসিং গ্রামের ফজলুল সরদার (৫৫) বলেন, ‘চার দিন যাবৎ হাসপাতালে ভর্তি হয়েছি। এখন পর্যন্ত চিকিৎসকের দেখা পাইনি। শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা। ভর্তির সময় যে ব্যবস্থাপত্র দিয়েছিল সে অনুযায়ী ওষুধ খাচ্ছি, তাতে কোনো কাজ হচ্ছে না।’ তাঁর মতো একই অবস্থা হাসপাতালে ভর্তি শতাধিক রোগীর। চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘অসুস্থ শরীর নিয়েও হাসপাতালে এসেছি। রোগীর চাপ বেশি দেখে দায়িত্ব পালন করছি। না হলে ছুটি নিয়ে বিশ্রামে থাকতাম। সব চিকিৎসক কর্মস্থলে না থাকায় আমাদের বাড়তি চাপ নিতে হচ্ছে।’ সেবিকা কানন বিশ্বাস বলেন, ‘চিকিৎসকদের পাশাপাশি অনেক সেবিকা হাসপাতালের বাইরে অবস্থান করছেন। আমরা কয়েকজন মিলে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। তবে চিকিৎসক ও সেবিকা সংকট থাকায় রোগীদের সেবা ব্যাহত হচ্ছে।’ কর্মস্থলে অনুপস্থিত থাকা চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘ঈদের ছুটিতে বাড়ি এসে অসুস্থ হয়ে পড়েছি। তাই কর্মস্থলে যেতে পারিনি। সুস্থ হলেই কর্মস্থলে ফিরে যাব।’ শরীয়তপুরের সিভিল সার্জন আবদুল ওহাব হাওলাদার বলেন, ছুটি ছাড়া কর্মস্থলের বাইরে থাকার কোনো সুযোগ নেই। যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠবে, তাদেরই কারণ দর্শানো হবে।