গত রোববার বেলা সাড়ে ১১টা। ৩১ শয্যার বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক নারী-শিশু চিকিৎসকের জন্য অপেক্ষা করছিল। অধিকাংশ চিকিৎসক না থাকায় রোগীদের অনেকেই বিনা চিকিৎসায় ফিরে যায়। জানা যায়, কর্মরত নয়জন চিকিৎসক ছাড়াও ইউনিয়ন পর্যায়ে কর্মরত আরও সাতজন চিকিৎসকের হাসপাতালে চিকিৎসা দেওয়ার কথা। কিন্তু ১৩ জন চিকিৎসক রোববার অনুপস্থিত ছিলেন। ফলে বহির্বিভাগে আসা পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দিতে হয় তিনজন চিকিৎসককে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদের কক্ষ ফাঁকা। তিনি প্রশিক্ষণে কিশোরগঞ্জ রয়েছেন বলে কর্মচারীরা জানান। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. জমির উদ্দিন ছুটিতে আছেন। হাসপাতালে আসা রোগীরা জানায়, তিনি (জমির) ছুটিতে থাকলেও সকাল-বিকেল বাজিতপুর বাজারে বিপুল মেডিকেল ফার্মেসিতে বসে রোগী দেখেন। চিকিৎসক অভিজিৎ সাহাও প্রশিক্ষণে কিশোরগঞ্জে, ইফফাত রহমান মাতৃত্বজনিত ছুটিতে আছেন। এ ছাড়া নয়জন স্টাফ নার্সের মধ্যে দুজনকে পাওয়া যায়। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন নারী, ১৭ জন শিশু ও ২০ জন পুরুষ রোগী ভর্তি আছে। মোট ৪৬ জন রোগীকে দেখাশোনা ও চিকিৎসাসেবা দেওয়ার প্রয়োজনীয় চিকিৎসক নেই। এদিকে হাসপাতালের প্রধান সহকারী ও হিসাবরক্ষক, নার্সিং সুপারভাইজারসহ ১৪টি পদ শূন্য। উপজেলার কুকরাই গ্রামের আছিয়া বেগম (৩০) তিন দিন ধরে পেটের ব্যথায় এখানে ভর্তি আছেন। তাতালচর গ্রামের মরিয়ম বেগমও (৩৮) তিন দিন ধরে ভর্তি। তাঁরা জানান, প্রয়োজনের সময় তাঁরা চিকিৎসক পান না। সব ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। কুকরাই গ্রামের আবদুল জব্বার ২৪ নভেম্বর পায়ের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলেন, ‘সব ঔষধ বাইর তেক্কা কিন্না আইনতে হইলে হাসপাতালের দরহার কি?’ আরএমও জমির উদ্দিন জানান, তিনি পায়ে ব্যথার কারণে ছুটিতে আছেন। তবে একটি দোকানে বসে রোগী দেখার কথা জিজ্ঞেস করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কর্মস্থলে না আসা চিকিৎসক হাবিবা সুলতানা, তাজভী রহিম, মো. আনিসুর রহমান, কে এম শফিকুল ইসলাম, জয়ন্ত বণিক, শাখাওয়াত হোসেন, মাজহারুল হক, আসমা বেগম, উম্মে সালমার বক্তব্য পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে থাকা এইচ আর সরকার উত্তম বেশ কয়েকজন চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসক না থাকায় রোগীদের অসুবিধা ও চিকিৎসা বিঘ্নিত হচ্ছে, তা বলতে দ্বিধা নেই। এই অবস্থার অবসান হওয়া উচিত।’