অধিকাংশ জানালার কাচ ভাঙা, শীতে রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

প্রসূতি ও শিশু ওয়ার্ডের দুটি কক্ষের উত্তর পাশের প্রতিটি জানালার কাচ ভাঙা। আর দুটি জানালার পাল্লা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো জানালায় পর্দাও টানায়নি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেবিন, প্রসূতি ও শিশু ওয়ার্ডের অধিকাংশ জানালার কাচ ভাঙা। সারা রাত ওই সব জানালা দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে ঢোকে। এতে শীতে রোগীরা ভোগান্তির শিকার হয়।

গত মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রসূতি ও শিশু ওয়ার্ডের দুটি কক্ষের উত্তর পাশের প্রতিটি জানালার কাচ ভাঙা। আর দুটি জানালার পাল্লা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো জানালায় পর্দাও টানায়নি। শীত থেকে নিজেদের রক্ষা করতে রোগীরা পলিথিন বা বিছানার চাদর দিয়ে জানালা ঢেকে দিয়েছেন।

ওয়ার্ডের পাশে দুটি কেবিন রয়েছে। ১ নম্বর কেবিনের উত্তর পাশের ও ২ নম্বর কেবিনের পূর্ব পাশের জানালার কাচ নেই। ১ নম্বর কেবিনে রোগীর স্বজনেরাই সেখানে কার্টন ও খবরের কাগজ লাগিয়ে দিয়েছেন। আর অন্য কেবিনের জানালা দুটিতে পলিথিন দিয়ে বাতাস আটকানোর চেষ্টা করা হয়েছে।

গত ডিসেম্বর মাসের শুরুর দিকে জন্ম হয় সাদিয়ার। গত রোববার হঠাৎ তার বমির সঙ্গে শুরু হয় ডায়রিয়া। সাদিয়ার নানা পারুয়া গ্রামের মোস্তাফিজুর রহমান তাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু কেবিনের শয্যার পাশের জানালার কাচ নেই। ঠান্ডা বাতাসে সাদিয়ার ডায়রিয়ার পাশাপাশি ঠান্ডা লেগে গেছে। সাদিয়ার মা রশিদা বেগম বলেন, সারা রাত এই ভাঙা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। এমনিতেই দুই দিন ধরে প্রচণ্ড ঠান্ডা, এর ওপর ভাঙা জানালা দিয়ে বাতাস আসার কারণে এখানে টেকাই মুশকিল হচ্ছে।

বড়বাড়ি গ্রামের মহেন্দ্র রায় বলেন, ওয়ার্ডের অবস্থা দেখে গত রোববার তিনি তাঁর স্ত্রীকে কেবিনে ভর্তি করেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর স্ত্রী পূর্ণিমা রানী ছেলেসন্তানের জন্ম দেন। তিনি আরও বলেন, ‘কেবিনে এসে দেখি জানালার কাচ নেই। পরে সেখানে পলিথিন টাঙিয়ে দিয়েছি। তবুও রাতে ঠান্ডা বাতাস ঢোকে। কেবিনের বাথরুমের পানি উপচে মেঝেতে চলে আসে।’ পূর্ণিমা বলেন, এখানে যেমন ঠান্ডা বাতাস, তেমনি নোংরা গন্ধ। সারা দিন নাক-মুখে কাপড় গুঁজে থাকতে হয়।

প্রসূতি ওয়ার্ডের রোগীর অভিভাবক আতোয়ার রহমান বলেন, এই ভাঙা জানালার পাশে বড় মানুষেরই বসে থাকার উপায় নেই। সেখানে একটা শিশু কীভাবে থাকবে? এখানে আর দুই-তিন দিন থাকলে শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হবে।

আবদুর রাজ্জাক নামের আরেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, জানালার কাচ নেই, বাথরুমের লাইট নেই, দরজা ভাঙা, পিচ্ছিল মেঝে, চারদিকে ময়লা-দুর্গন্ধ। রোগীর স্বজনেরা যারা সুস্থ, তারাও এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, শুধু জানালার কাচ নয়, হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইয়াকুব আলী মোড়ল বলেন, হাসপাতালের কেবিন-ওয়ার্ডের জানালার কাচ লাগানোসহ হাসপাতাল সংস্কারের ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (এইচইডি) আবেদন পাঠানো হয়েছে।

এ ব্যাপারে এইচইডি ঠাকুরগাঁও কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদুল হক বলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কারের জন্য সম্ভাব্য খরচের প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ অনুমোদন হলে দরপত্র আহ্বান করা হবে। এরপর কাজ হবে।