সিরাজগঞ্জে রাষ্ট্রায়ত্ত জাতীয় জুট মিলের (সাবেক কওমী জুট মিল) উৎপাদিত পণ্যের রপ্তানি এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে পাটকলের গুদামসহ সর্বত্র পণ্যের স্তূপ জমেছে। এ অবস্থায় অধিকাংশ তাঁত বন্ধ রাখায় শ্রমিকেরাও বেকার হওয়ার উপক্রম হয়েছেন।
জাতীয় জুট মিলের প্রকল্প প্রধান নূরুল ইসলাম জানান, এই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ইরান ও সিরিয়ায় সবচেয়ে বেশি রপ্তানি হয়ে থাকে। গত বছর বাংলাদেশসহ ইরান ও সিরিয়ায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে। এ কারণে বিদেশিদের চাহিদা (অর্ডার) থাকা সত্ত্বেও মালামাল সরবরাহ করা সম্ভব হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে সিরিয়া থেকে প্রতিনিধি আসার কথা রয়েছে। আশা করা যায় এই অবস্থার সমাধান হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) নির্দেশনা মোতাবেক এই পাটকলটি পরিচালিত হয়ে থাকে। তাদের দেওয়া চাহিদাপত্র অনুযায়ী মালামাল উৎপাদিত হয়। এখান থেকে কোনো মালামাল সরাসরি বিক্রি করার সুযোগ নেই। বর্তমানে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের উৎপাদিত পণ্য মজুদ পড়ে থাকায় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
বস্তার বেল ওজনের দায়িত্বে নিয়োজিত মোকাদ্দেছ আলী জানান, বর্তমানে রপ্তানি বন্ধ থাকলেও রপ্তানিযোগ্য কিছু মালামাল উৎপাদন করা হচ্ছে। দেশে বস্তার চাহিদা থাকলেও বিজেএমসি তা তৈরি করার অনুমতি দিচ্ছে না। তিনি জানান, গত বছরের এক হাজার ৮০০ বেল বস্তাসহ গত ছয় মাসের উৎপাদিত (চট, সুতা, কার্পেট ব্যাটিং ক্লথ, বস্তা) পণ্য মিলে প্রায় সাত হাজার মেট্রিক টন উৎপাদিত পণ্য মজুত হয়ে পড়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। গুদামে জায়গা না থাকায় মূল কারখানায় এখানে-সেখানে পণ্য মজুত করে রাখা হয়েছে। ফলে কারখানার মধ্যে শ্রমিকেরা চলাফেরা করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
কর্মরত বেল কেরিয়ার (বস্তা পরিবহন) শ্রমিক অসীম তালুকদার ও বেল্লাল হোসেন বলেন, তাঁত বন্ধ থাকায় তাঁরা পালাক্রমে কাজ করেন। তাঁরা সপ্তাহে দুই দিন কাজ করার সুযোগ পাচ্ছেন। সবাই প্রতিদিন ২৮০ টাকা হাজিরা পেয়ে থাকেন। অল্প দিন কাজ করে পাওয়া এই টাকা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
জুট মিলস মজদুর ইউনিয়নের সভাপতি আবদুল খালেক বলেন, বিজেএমসির নির্দেশনা অনুযায়ী পাটকলটি পরিচালিত হয়। এখানে স্থানীয় কর্মকর্তাদের কোনো কর্তৃত্ব নেই। বিদেশি ক্রেতাদের কাছ থেকে অর্ডার নেওয়া হলেও বিজেএমসি যোগাযোগ রক্ষা না করায় মালামাল সরবরাহ বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় লাভের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। এ অবস্থা চলতে থাকলে প্রতিষ্ঠানটি আবার বন্ধ হয়ে যাবে।
মিল কর্তৃপক্ষ ও কর্মরত শ্রমিক সূত্র জানায়, সাড়ে তিন বছর বন্ধ থাকার পর ২০১১ সালের ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেএমসি পরিচালিত জাতীয় পাটকলটি উদ্বোধন করেন। প্রায় শতভাগ রপ্তানিযোগ্য কারখানাটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত চালু রয়েছে। প্রায় তিন হাজার শ্রমিক দিয়ে শুরু থেকেই তিন ধরনের (হেসিয়ান, স্যাকিং ও সিভিসি) ৫৩০টি তাঁত দিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়।