অধিকাংশ দোকানে মূল্যতালিকা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ২ নম্বর গেট এলাকার কর্ণফুলী কমপ্লেক্সের মুদি দোকান ‘রাবেয়া স্টোর’। গতকাল রোববার বেলা ১১টায় ওই দোকানে যায় জেলা প্রশাসনের বাজার তদারক কমিটি। কিন্তু কমিটিকে মূল্যতালিকা দেখাতে ব্যর্থ হন ওই দোকানের বিক্রয়কর্মী মো. জসিম। শুধু ওই বিক্রেতাই নন, কর্ণফুলী কমপ্লেক্সের মুদি দোকানি, সবজি ও মাছবিক্রেতা কেউ বাজার তদারক কমিটিকে মূল্যতালিকা দেখাতে পারেননি। তবে প্রথম দিন হওয়ায় বিক্রেতাদের শুধু মৌখিকভাবে সতর্ক করেছে তদারক কমিটি।বাজার তদারক দলের সঙ্গে ঘুরে ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রোববার প্রথম দিনে ১৭টি বাজারের অধিকাংশ দোকানেই কোনো মূল্যতালিকা ছিল না। গতকাল রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আরিফ মোহাম্মদ, ফজলে এলাহী, মো. সফিকুল ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম এবং মো. মতিনুর রহমানের নেতৃত্বে পাঁচটি দল নগরের বাজারগুলো পর্যবেক্ষণে বের হয়। পর্যবেক্ষক দলের সদস্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আরিফ মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘অধিকাংশ দোকানেই মূল্যতালিকা নেই। যেসব দোকানে মূল্যতালিকা ছিল না, তাদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি সঠিক ওজনে পণ্য বিক্রি ও ভেজাল পণ্য বিক্রি না করতে বিক্রেতাদের হুঁশিয়ার করা হয়েছে। পরবর্তী অভিযানের সময় নির্দেশ অমান্যকারীদের ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হবে।’