প্রত্যেক নারীর ঋতুস্রাব হওয়া যেমন স্বাভাবিক, তেমনি জীবনের একটি অধ্যায়ে তা বন্ধ হওয়া বা মেনোপজও স্বাভাবিক। তাই শতকরা ৮০ ভাগ নারীর এ সংক্রান্ত কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। তবে এই অধ্যায়টির সঙ্গে খাপ খাওয়াতে অনেক নারীর কিছু সমস্যা হয়। অনেকে কিছু শারীরিক অস্বস্তি অনুভব করেন। তাঁরা চিকিৎসকের শরণাপন্ন হন। এই অভিমত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের।তাঁরা বলেন, মেনোপজ সম্পর্কে অসচেতনতার কারণে জীবনের এই অধ্যায়ে নারীর কর্মক্ষমতা কমে যাওয়া, নানা মানসিক সমস্যায় আক্রান্ত হওয়া, এমনকি সংসার ভেঙে যাওয়ার ঘটনাও ঘটছে। নারীজীবনের গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে সরকারের কোনো সচেতনতামূলক কর্মসূচি নেই।এই বাস্তবতায় প্রতিবছরের মতো এবারও অক্টোবর মাসটি পালিত হচ্ছে বিশ্ব মেনোপজ মাস হিসেবে। বিভিন্ন দেশ মাসটির বিভিন্ন দিনে এই দিবসটি পালন করে। বাংলাদেশে আজ শনিবার ২২ অক্টোবর বেসরকারিভাবে মেনোপজ দিবস পালন করা হবে। দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রশান্তির সন্ধানে’। এ উপলক্ষে আজ বেলা ১১টায় আগারগাঁওয়ে আণবিক শক্তি কমিশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মেনোপজ সোসাইটির প্রেসিডেন্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ শাহ্লা খাতুন প্রথম আলোকে বলেন, এ দেশে সাধারণত ৪৫ থেকে ৫১ বছর বয়সে নারীদের মেনোপজ হয়। তবে অনেকের ক্ষেত্রে এর আগে-পরেও হতে পারে। সোসাইটির মহাসচিব ও আন্তর্জাতিক মেনোপজ সোসাইটির বাংলাদেশ প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সুরাইয়া রহমান বলেন, দেশে নারীর গড় আয়ু বেড়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকার মেনোপজের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে গুরুত্ব দেয়নি। ফলে তা বিরাট একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী মন্ত্রণালয়ের বিভিন্ন সচেতনতামূলক ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন।উপসর্গ ও পরিবর্তন: মেনোপজ হওয়ার আগে নারীর ঋতুস্রাব অনিয়মিত হতে শুরু করে। চামড়ায় খসখসে ভাব দেখা দেয়। শারীরিক সম্পর্কে অনীহা বা সমস্যা হয়। অবসন্ন লাগা, খিটখিটে মেজাজ, একটুতেই ক্লান্তিবোধের মতো সমস্যা দেখা দিতে পারে। এ ক্ষেত্রে স্বামী ও পরিবারের সদস্যদের দায়িত্ব নিতে হবে।মেনোপজ হলে হঠাৎ হঠাৎ একটা গরম ভাপ নারীর শরীরের ওপরের অংশে ঢেউয়ের মতো খেলে যায়। বুক থেকে সে উত্তাপ মুখে ছড়িয়ে পড়লে মুখমণ্ডল লাল হয়ে যায়, প্রচুর ঘাম হয়। শরীরের হাড় ভঙ্গুর হতে শুরু করে। প্রস্রাবে সমস্যা দেখা দেয়। তবে সবার সব ধরনের সমস্যা হয় না। হলেও তা দীর্ঘদিন থাকে না।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহকারী অধ্যাপক ফওজিয়া হোসেন প্রথম আলোকে বলেন, বয়ঃসন্ধিকালের মতো মেনোপজের আগে ও পরের সময়টিকেও গুরুত্ব দিতে হবে। এ সময় স্বামী ও পরিবারের অন্যদের কাছ থেকে সহযোগিতা প্রয়োজন হয়। নারী, তাঁর পরিবার, সমাজকে এ পরিবর্তনগুলো মেনে নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে থাকতে হবে।বিশেষজ্ঞরা বলেন, মেনোপজের পর্যায়ে যোগব্যায়াম, খাদ্যাভ্যাস পরিবর্তন, চিন্তামুক্ত থাকাসহ নারীর কিছু প্রস্তুতি দরকার। কারও বেশি সমস্যা হলে কিছু চিকিৎসা নিতে হবে। সরকার প্রতিটি হাসপাতালে একটি করে ‘মেনোপজ কর্নার’ করা, ৩৫ বছরের বেশি বয়সী নারীদের জন্য ক্লাব তৈরিসহ সরকার কিছু উদ্যোগ নিতে পারে। মেনোপজ সোসাইটির বিভিন্ন গবেষণায় সরকার সহায়তা দিতে পারে।