অধিকাংশ পাউরুটিতে লবণ বেশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাজারে বিক্রি হওয়া ১০টি ব্র্যান্ডের পাউরুটির অধিকাংশের নমুনায় সহনীয় মাত্রার চেয়ে বেশি লবণ পাওয়া গেছে। বেশি লবণ খাওয়া ক্ষতিকর জেনেও মানুষ তা খাচ্ছে। গবেষকেরা বলছেন, তৈরি খাবারে কী পরিমাণ লবণ আছে তা মানুষকে জানানো দরকার।

দুটি আলাদা গবেষণায় এ চিত্র উঠে এসেছে। পাউরুটিতে লবণের মাত্রা ও লবণ খাওয়ার পরিমাণ নিয়ে গবেষণা দুটি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সের স্নাতকোত্তর ডিগ্রির দুজন চিকিৎসক। গবেষণা প্রতিবেদন দুটি আজ সোমবার বিএসএমএমইউতে আয়োজিত সেমিনারে প্রকাশ করা হবে।

গবেষকেরা বলছেন, প্রয়োজনের অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপের কারণ। উচ্চরক্তচাপ হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ায়। দেশে অন্যান্য অসংক্রামক রোগের সঙ্গে হৃদ্‌রোগের প্রকোপ ও এই রোগে মৃত্যুর হার বাড়ছে। বাংলাদেশে ১৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। আর ৫৯ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক ব্যাধি।

পাউরুটিতে লবণের পরিমাণ শনাক্ত করার গবেষণাটি করেছেন মোহাম্মদ রাশেদুল আলম। তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৬০টি খুচরা দোকান থেকে ১০টি ব্র্যান্ডের পাউরুটির নমুনা নিয়ে লবণের মাত্রা মেপেছেন। এতে দেখা গেছে, সাতটি ব্র্যান্ডের পাউরুটিতে লবণের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১০০ গ্রাম পাউরুটিতে লবণের সহনীয় পরিমাণ সর্বোচ্চ ৪৫০ মিলিগ্রাম। সংগৃহীত পাউরুটির নমুনায় লবণ পাওয়া গেছে প্রতি ১০০ গ্রামে গড়ে ৫০৩ মিলিগ্রাম। তিনটি নমুনায় লবণ পাওয়া গেছে ১০০ গ্রামে ৪৫০ মিলিগ্রামের কম। একটি নমুনায় পাওয়া গেছে ৩১৪ মিলিগ্রাম। এটি সবচেয়ে কম। একটিতে পাওয়া গেছে ৬২৫.৮৫ মিলিগ্রাম। এটি সবচেয়ে বেশি।

গবেষক মোহাম্মদ রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘পাউরুটির মোড়কে লবণের পরিমাণ লিখে দেওয়া উচিত। এতে মানুষ লবণের মাত্রা জানতে পারবেন। সচেতন মানুষ উচ্চরক্তচাপ থেকে দূরে থাকতে পারবেন।’

রাজধানীর বাউনিয়া এলাকার বস্তিবাসীদের লবণ খাওয়ার প্রবণতা নিয়ে অন্য গবেষণাটি করেছেন ফাহমিদা আফরোজ খান। তিনি প্রাপ্তবয়স্ক ১০০ নারী ও পুরুষকে নিয়ে গবেষণা করেছেন। এঁদের মধ্যে ৬১ জন নারী ও ৩৯ জন পুরুষ। গবেষণায় দেখা গেছে, এদের ৮২ জন জানেন মাত্রাতিরিক্ত লবণ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু এদের ২৪ ঘণ্টার প্রস্রাবের নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, এরা প্রত্যেকই গ্রহণযোগ্য পরিমাণের চেয়ে বেশি লবণ খান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, একজন মানুষ দৈনিক ৫ গ্রাম লবণ খেতে পারে। এই পরিমাণ লবণ স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে না। কিন্তু ফাহমিদা আফরোজ খান তাঁর গবেষণায় দেখেছেন, এঁরা দৈনিক গড়ে ৭.৮৯ গ্রাম লবণ খান।

এই দুই গবেষণা ফলাফলকে গুরুত্বপূর্ণ হিসেবে মন্তব্য করেছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবির) অসংক্রামক রোগ প্রতিরোধ বিভাগের প্রধান আলিয়া নাহিদ। তিনি প্রথম আলোকে বলেন, লবণ খাওয়ার সঙ্গে রক্তচাপের সরাসরি সম্পর্ক রয়েছে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার উদ্যোগ নিতে হবে, যেন মানুষ ব্যক্তি পর্যায়ে লবণ কম খায়। তরকারিতে লবণ কম খেতে হবে, শুধু লবণ বা আলগা লবণ খাওয়া যাবে না। আর পাউরুটি বা প্রক্রিয়াজাত খাবারের মোড়কে লবণের পরিমাণ লেখা বাধ্যতামূলক করতে হবে।