বরিশালের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির ২০১৩-২০১৪ অর্থবছরের আওতায় উপজেলায় বরাদ্দ করা ২৭ লাখ টাকার বেশির ভাগ আত্মসাৎ করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের চেয়ারম্যানরা। অধিকাংশ প্রকল্পে কোনো কাজ না করেই এবং কিছু প্রকল্পে কিছু যেনতেনভাবে কাজ করে বিল তোলা হয়েছে।
গৌরনদী উপজেলা প্রকল্প কার্যালয় থেকে জানা গেছে, প্রকল্পের অধীনে গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে ২৭ লাখ টাকায় ১৮টি প্রকল্প নেওয়া হয়। প্রতি প্রকল্পে দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ৩০ জুন এসব প্রকল্পের বিল পরিশোধ করা হয়।
স্থানীয় লোকজন বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যোগসাজশ করে কাজ ছাড়াই প্রকল্পের পুরো টাকা আত্মসাৎ করেছেন। সরেজমিনে ঘুরে ১২টি প্রকল্পে কাজ করার কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাকি ছয়টিতে দায়সারাভাবে কাজ করে বিল তোলা হয়েছে।
উপজেলার চাঁদশী ইউনিয়নের গৈলা রাস্তা থেকে চাঁদশী পাকা পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প নেওয়া হলেও সরেজমিনে দেখা যায়, সেখানে একটু মাটিও ফেলা হয়নি। তবে ওই প্রকল্পের চেয়ারম্যান আসিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঠিকমতো কাজ করা হয়েছে।’
প্রকল্প ১৪-এর আওতায় নলচিড়া ইউনিয়নের বোরাদি গরঙ্গল লঞ্চঘাট থেকে স্বনির্ভর খাল পর্যন্ত রাস্তা নির্মাণের কথা। কিন্তু বোরাদি গরঙ্গল লঞ্চঘাট থেকে আঁড়িয়াল নদীর তীর ছাড়া রাস্তার কোনো অস্তিত্ব নেই।
অভিযোগ সম্পর্কে প্রকল্প চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহিদুল খান বলেন, নদীর পলি মাটি কেটে রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু জোয়ারের পানিতে মাটি ধুয়ে গেছে।
সরিকল ইউনিয়নের হোসনাবাদ টেম্পোস্ট্যান্ড থেকে লঞ্চঘাট পর্যন্ত রাস্তা নির্মাণ সম্পর্কে হোসনাবাদ গ্রামের মামুন ব্যাপারী, বাবুল সরদার ও মধ্য হাসনাবাদ গ্রামের হাফিজুর রহমান বলেন, অনেক আগে খাল কাটা প্রকল্প থেকে রাস্তায় কিছু মাটি ফেলা হয়। এ ছাড়া রাস্তায় কোনো কাজ হয়নি।
প্রকল্পের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহরাব হোসেন বলেন, ‘অভিযোগ সত্য নয়। পুরো বরাদ্দ দিয়ে কাজ করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কবির হোসেন এ প্রসঙ্গে বলেন, কোনো অনিয়ম ও দুর্নীতি হয়নি। যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
উপজেলা প্রকল্প কমিটির সভাপতি গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান এ প্রসঙ্গে বলেন, অভিযোগের সত্যতা থাকলেও কিছু করার নেই।