অধিকাংশ প্রার্থী এসএসসি পাস করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনই বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। বেশির ভাগই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তাঁদের হলফনামা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামা ঘেঁটে দেখা যায়, গৌরীপুরে সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১৬ জন, ঈশ্বরগঞ্জের তিনটি ওয়ার্ডে ১১ জন এবং ত্রিশাল পৌরসভার তিনটি ওয়ার্ডে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন পৌরসভার ৪২ জন প্রার্থীর মধ্যে স্বাক্ষরজ্ঞান, অক্ষরজ্ঞান ও স্বশিক্ষিত প্রার্থীর সংখ্যা ১৭ জন। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন দুজন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন ১৪ জন। একজনের শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি। আর তিনজন এসএসসি ও চারজন এইচএসসি পাস করেছেন। একজন শিক্ষাগত যোগ্যতার ঘরে কিছু উল্লেখ করেননি।

হলফনামা থেকে জানা যায়, গৌরীপুর পৌরসভায় জ্যোৎস্না রানী দে, আলেয়া বেগম; মোছাম্মৎ রহিমা এবং জেসমিন আক্তার ও জ্যোতি রানী সরকার স্বশিক্ষিত; কোহিনুর বেগম ও মনোয়ারা বেগম স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। অষ্টম শ্রেণি পাস করেছেন সালেহা আক্তার, খোজেদা বেগম, সেলিনা খাতুন, শিউলি চৌধুরী ও মিনু চৌধুরী। এইচএসসি পাস করা দুই প্রার্থী হলেন শামীমা সুলতানা ও দিলুয়ারা বেগম। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন রোকেয়া।

ঈশ্বরগঞ্জে খালেদা আক্তার, নাছরিন ও মোছাম্মৎ হালিমা স্বশিক্ষিত। অষ্টম শ্রেণি পাস করেছেন মাহবুবা বেগম, নুরুন্নাহার পারভীন, রমিহা খাতুন, মোছাম্মৎ রহিমা, লাইলী আক্তার ও রুপায়দা বেগম। মমতাজ বেগম এসএসসি পাস আর নুরুন্নাহার এইচএসসি পাস করেছেন।  ত্রিশাল পৌরসভায় অক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থী হলেন ফাতেমা আক্তার, নাজমা খাতুন, হনোফা খাতুন, রিনা খাতুন ও বিউটি আক্তার। সেলিনা সুলতানা, নাছিমা পারভীন, শাহানাজ পারভীন, তাছিলিমা আক্তার ও রোকেয়া পাঠান অষ্টম শ্রেণি পাস। দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন প্রার্থী শওকত আরা রেখা। এসএসসি পাস করেছেন শামছুন নাহার ও শিরিন আক্তার। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে রাবেয়া খানম উচ্চমাধ্যমিক পাস করেছেন। এ ছাড়া জায়দা খাতুন নামের এক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ঘরে কিছুই লেখা নেই।