অধিকাংশ ফুটপাত দখল, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরে ফুটপাত দখল করে চলছে হরেক রকমের ব্যবসা। এর মধ্যে ফুল, ফল থেকে শুরু করে ভাতের হোটেল পর্যন্ত রয়েছে। অভিযান চালিয়ে উচ্ছেদের দু-এক দিনের মধ্যেই আবার ফুটপাতগুলো আগের অবস্থায় চলে যায়। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। তাঁরা রাস্তায় হাঁটার কারণে বেড়ে যায় যানজট।
সিটি করপোরেশন থেকে জানা গেছে, নগরে মোট পাকা সড়ক রয়েছে ৪১০ কিলোমিটার। এ সড়কের ১৫ কিলোমিটার ফুটপাত আছে। এর মধ্যে ১২ কিলোমিটার ফুটপাতে নকশাযুক্ত টাইলস বসানো হয়েছে। এতে চার কোটি ৮৭ লাখ টাকা ব্যয় হয়েছে। বাকি সড়কে ফুটপাত তৈরি করা হয়নি।
নগরের মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং দুর্ঘটনা এড়াতে ফুটপাত তৈরি করা হয়, কিন্তু এই ফুটপাত অবৈধ দখলদারদের কবলে পড়ে এখন মানুষের দুর্ভোগের কারণ হচ্ছে।
রাজশাহী নগরের লক্ষ্মীপুর ও মেডিকেল কলেজের সামনের সড়কে রাতদিন ২৪ ঘণ্টা মানুষের ভিড় লেগে থাকে। রীতিমতো ফুটপাতের ওপরে শামিয়ানা টানিয়ে বসেছে ভাতের হোটেল। তার পাশে রয়েছে ভ্যানের ওপরে দোকান।
গতকাল মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায়, উচ্ছেদ অভিযানের পর আরও দোকান বেড়েছে। ভ্যানের ওপরে দোকান রয়েছে—এমন একজন বলেন, উত্তর পাশের ফুটপাতটিই হাসপাতালে আসা মানুষের জন্য বেশি জরুরি। তাঁরা দক্ষিণ পাশে ছিলেন। মাস ছয়েক আগে তাঁদের উচ্ছেদ করা হলে সবাই উত্তর পাশে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ফটকের সামনেই প্লাস্টিকের সামগ্রী নিয়ে বসেছেন দুজন ব্যবসায়ী। পাশেই রয়েছেন ফল ব্যবসায়ীরা। যেটুকু জায়গা বাকি রয়েছে তা দখল করে দাঁড়িয়ে রয়েছে রিকশা। এতে করে মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের সেখান দিয়ে যাতায়াতের অবশিষ্ট জায়গা নেই বললেই চলে।
নগরের সাহেব বাজার এলাকায় ফুলের দোকান আর ফলের দোকান যেন ফুটপাতেরই ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। তার সঙ্গে রয়েছে তালাচাবি মেরামত, গামছা-লুঙ্গি, সুতা-দড়ি, টুপি, বেল্ট, আতর-সুরমার দোকান।
সাহেব বাজারের ওভারব্রিজের পাশে একজন আম ব্যবসায়ী তাঁর দোকানের আমের সিংহভাগই ফুটপাত ছেড়ে রাস্তার ওপরে নামিয়ে রেখেছেন। ফুটপাতের ওপরে মালামাল রেখে কীভাবে ব্যবসা করছেন, জানতে চাইলে তিনি দুটি রসিদ বের করে বলেন, প্রতিদিন এই জায়গা ব্যবহারের জন্য সিটি করপোরেশনকে পাঁচ টাকা করে খাজনা দিতে হয়।
নগরের জামাল সুপার মার্কেটের সামনে রাস্তার উত্তর পাশে একটি বাজার রয়েছে।
শিরোইল স্টেশন মার্কেট ও বাস টার্মিনাল এলাকার ফুটপাতের পুরোটা জুড়েই চলে ব্যবসা। রেশম বোর্ডের উত্তরের দেয়াল ঘেঁষে ফুটপাতের ওপরে কাপড়ের দোকান আর পূর্ব পাশে এখন বসেছে আমের দোকান।
উপশহর এলাকার ব্যবসায়ী গোলাম মোর্তুজা বুলবুল বলেন, ‘নগরের ফুটপাতগুলো যদি পথচারীর জন্য উন্মুক্ত হয় তাহলে অনেক দুর্ঘটনা কমে যাবে। পথচারীরাও শহরের মধ্যে চলাফেরা করে শান্তি পাবেন। এখন ফুটপাত ছেড়ে ব্যস্ত রাস্তা ধরে হাঁটতে গেলে সব সময় উৎকণ্ঠায় থাকতে হয়—কখন গাড়ি এসে চাপা দেয়।
প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে সুন্দর ফুটপাত তৈরি করা হচ্ছে। এখন এই সব ফুটপাত বেদখল হয়ে যাচ্ছে। এ জন্য পুলিশ প্রশাসন এবং বর্তমান রাজনৈতিক দলেরও ইতিবাচক ভূমিকা থাকার দরকার আছে।’
মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী বলেন, ‘কেন ফুটপাতগুলোর ফের দখল হয়ে যাচ্ছে—জানি না।’ তিনি ট্রাফিক বিভাগের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান।
রাজশাহী ফুটপাত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার বলেন, দীর্ঘদিন থেকেই ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের কথা বলা হচ্ছে। পুনর্বাসন করা হলে তাঁরা ফুটপাতে থাকবেন না। এখন খাজনা দিয়েই ব্যবসা করছেন।