সিলেট নগরের রাস্তাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে ৫১টি। জনবলসংকটের কারণে এসব মোড়ের মধ্যে শুধু ২৫টিতে ট্রাফিক পুলিশ নিয়োজিত থাকে। ট্রাফিক পুলিশের অভাবে বাকি ২৬টি এলাকায় একবার যানজট দেখা দিলে, সেটি গোটা নগরে ছড়িয়ে পড়ে। এর বাইরে চালকদের অদক্ষতা এবং গুরুত্বপূর্ণ অধিকাংশ বিপণিবিতানে পার্কিং সুবিধা না থাকায় যানজট তৈরি হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের জেলরোড এলাকায় দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত ‘শহরের যানজট নিরসনে আলোচনা’ শীর্ষক এক সভায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করা হয়। চেম্বারের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মো. কামরুল আহসান। অনুষ্ঠানের চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ সভাপতিত্ব করেন। পুলিশ কমিশনার কামরুল আহসান বলেন, যানজট সমস্যার জন্য শুধু পুলিশ প্রশাসনকে দায়ী করা যাবে না। এখানে সিটি করপোরেশন, সওজ, পিডিবি, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণিবিতানের ব্যবসায়ীরাও দায়ী। রাস্তা খোঁড়াখুঁড়ি, নানা প্রকল্প বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময়ে অভিভাবকদের গাড়ির দীর্ঘ লাইন, বিপণিবিতানে পার্কিং সুবিধা না থাকা এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণেও যানজট দেখা দিচ্ছে।
পুলিশ কমিশনার জানান, নগরের যানজট নিরসনে ইতিমধ্যে পুলিশ প্রশাসন ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। রাত আটটার মধ্যে কোনো ট্রাক শহরে ঢুকতে দেওয়া হয় না।
বক্তৃতায় চেম্বার সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, সিলেটে যানজট প্রকট আকার ধারণ করেছে। প্রতিনিয়ত অসহনীয় যানজটে ব্যবসায়ী ও জনসাধারণকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এর অন্যতম প্রধান কারণ ট্রেড লাইসেন্সবিহীন ভ্রাম্যমাণ হকাররা রাস্তা ও ফুটপাত দখল করে রেখেছে। এসব অবৈধ ব্যবসায়ীকে উচ্ছেদে এবং যত্রতত্র গাড়ি পার্কিং প্রতিরোধে পুলিশ প্রশাসন উদ্যোগী না হলে যানজট সহজেই দূর করা সম্ভব নয়।
সভায় নগরে যানজটের কারণ ও নিরসনসম্পর্কিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) রেজাউল করিম। অন্যদের মধ্যে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মামুন কিবরিয়া, সহসভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক নুরুল ইসলাম, জিয়াউল হক, মো. লায়েছ উদ্দিন, আমিরুজ্জামান চৌধুরী, চন্দন সাহা, উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, রিকশা মালিক সমিতির সভাপতি মো. মোকলেছ মিয়া প্রমুখ বক্তব্য দেন।