অধিকাংশ বিপণিবিতানে শৌচাগার নেই
গাইবান্ধা শহরের অধিকাংশ বিপণিবিতানে পার্কিংয়ের (গাড়ি রাখার জায়গা) ব্যবস্থা নেই। নেই কোনো শৌচাগার কিংবা পানি সরবরাহব্যবস্থা। পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে বিপণিবিতানের মালিকেরা এসব ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে সম্প্রতি শহরের ব্যস্ততম সড়ক ঘেঁষে যেসব বহুতল বিপণিবিতান গড়ে উঠছে, সেগুলোতেও পার্কিং ও শৌচাগার ব্যবস্থা নেই। ফলে যানজট ও মানুষের দুর্ভোগ বেড়েছে।
গাইবান্ধা নাগরিক আন্দোলনের আহ্বায়ক মির্জা হাসান অভিযোগ করেন, পার্কিংয়ের ব্যবস্থা করলে বিপণিবিতানে দোকানঘরের সংখ্যা কমবে। এ কারণে বিপণিবিতানের মালিকেরা পার্কিং ও শৌচাগার ব্যবস্থা রাখতে আগ্রহী হন না। এ সুযোগে বিপণিবিতানের মালিকদের কাছে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। অথচ এসব দেখভালের দায়িত্ব পৌরসভার।
গাইবান্ধার পৌর মেয়র শামছুল আলম বলেন, ঘুষ নিয়ে বিপণিবিতানের ভবন নির্মাণের অনুমতি প্রদানের অভিযোগ ভিত্তিহীন। বর্তমানে পার্কিং ও শৌচাগার না থাকলে ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে না। যেসব ভবন আগে গড়ে উঠেছে, সেসব ভবনের মালিককে পার্কিং ও শৌচাগার নির্মাণে তাগাদা দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা শহরের বেশির ভাগ বহুতল বিপণিবিতান ব্যস্ততম সড়ক ঘেঁষে গড়ে উঠেছে। এর মধ্যে স্টেশন রোডে ইসলাম প্লাজা, কাজী টাওয়ার, সালিমার সুপার মার্কেট ও তরফদার ম্যানশন, শহরের পার্ক রোডে পার্কভিউ মার্কেট, ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেট ও আইনজীবী সুপার মার্কেট রয়েছে। কয়েকটি বিপণিবিতান ঘুরে দেখা গেছে, কোনো বিপণিবিতানেই পার্কিং ও শৌচাগারের ব্যবস্থা নেই। পার্কিং ব্যবস্থা না রেখেই সম্প্রতি অভিজাত বিপণিবিতান ইসলাম প্লাজার চারতলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়।
ইসলাম প্লাজার স্বত্বাধিকারী তমাল ইসলাম বলেন, ‘শহরে আগে নির্মিত বিপণিবিতানগুলোতে পার্কিং ব্যবস্থা নেই। তাই আমার প্লাজায়ও সেই ব্যবস্থা রাখা হয়নি। তবে দোতলায় শৌচাগার ব্যবস্থা রাখা হয়েছে।’
পার্কিং সমস্যা আরও বেশি সালিমার সুপার মার্কেটে। জেলা উদীচীর সভাপতি জহুরুল কাইয়ুম বলেন, সালিমার মার্কেট দুটি সড়কে যানজট সৃষ্টি করছে। সড়কের ওপর যানবাহন পার্কিং করায় রিকশা নিয়েও বিপণিবিতানে যাওয়া যায় না।
ডিবি রোডে অবস্থিত আসাদুজ্জামান বিপণিবিতানে শৌচাগার নেই। গত ২৯ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের কলেজশিক্ষক আলতাফ হোসেন বলেন, এ বিতানে এসে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে আত্মীয়ের বাড়িতে যেতে হচ্ছে।
আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম আযম বলেন, কলেজের উন্নয়নে এ বিতান নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের সময় পরিচালনা কমিটি শৌচাগার নির্মাণ করেনি। খোদ পৌরসভার নির্মাণাধীন বিপণিবিতানেও পার্কিং ব্যবস্থা রাখা হয়নি।