অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি, ভর্তি কমিটির সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। বিভিন্ন অনুষদে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার কারণে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ নিয়ে আজ রোববার সভা বসছে।

জানা গেছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও জীববিজ্ঞান অনুষদের দু-একটি বিভাগে ক্লাস হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে কর্মবিরতি চলায় ঈদের ছুটির পর এখনো বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে ফেরেননি। এই দুই সংগঠনের ব্যানারে পঞ্চম দিনের মতো গতকাল কর্মবিরতি পালন করা হয়।

 সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অচলাবস্থার কারণে ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অধিকাংশ বিভাগে ভর্তি পরীক্ষাসংক্রান্ত প্রস্তুতি গ্রহণ সম্ভব হয়নি।

উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, কাল (আজ রোববার) ভর্তি কমিটির সভা হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ছাত্রলীগের মিছিল: গতকাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮-দলীয় জোটের সমাবেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবির প্রতিবাদে এই মিছিল-সমাবেশ করা হয়। মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তৃতা করেন ছাত্রলীগের নেতারা।

শিশুদের বিদ্যালয়ে চুরি: বিশ্ববিদ্যালয়ের মহিলা ক্লাব পরিচালিত শিশুদের স্কুল কলতান বিদ্যানিকেতনে চুরি হয়েছে। ঈদের ছুটির মধ্যে জানালার গ্রিল কেটে ১৩ হাজার টাকা, ১৪টি সিলিং ফ্যানসহ অন্যান্য শিক্ষা উপকরণ চুরি হয়েছে বলে জানান মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক কামরুন্নেসা কাফী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মুজিবুর রহমান বলেন, চুরির ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি