পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির চলমান কর্মবিরতির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করবেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন। তবে অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী চাইলে তিনি পদত্যাগ করবেন। সংবাদ সমেঞ্চলনে গতকাল রোববার উপাচার্য মো. আনোয়ার হোসেন এ কথা বলেন। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় শিক্ষক সমিতি।সংবাদ সমেঞ্চলনে উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এই দুঃসময়ে আমি পদত্যাগ করব না। যদি অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী চান, তবে আমি পদত্যাগ করব।’ উপাচার্য বলেন, ‘শিক্ষকদের হেফাজতের সঙ্গে তুলনা করে ছাত্রলীগ দিয়ে তাঁদের প্রতিহত করতে বলিনি। হেফাজতকে প্রতিহত করতে ছাত্রলীগকে বাঁশের লাঠি নিয়ে তৈরি থাকতে বলেছি।’ তাঁর দাবি, অডিও রেকর্ডটির ভুল ব্যাখ্যা প্রচার করা হয়েছে। সংবাদ সমেঞ্চলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমেদ, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রমুখ। এদিকে শিক্ষক সমিতির সংবাদ সমেঞ্চলনে বলা হয়েছে, বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে ৭ মে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শিক্ষকদের কর্মবিরতির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন বলেন, পরে অতিরিক্ত পাঠদানের মধ্য দিয়ে তাঁরা এই ক্ষতি পুষিয়ে দেবেন। গত শনিবার শিক্ষকদের সম্পর্কে মন্তব্যের অডিও রেকর্ডকে কেন্দ্র করে উপাচার্যের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় শিক্ষক সমিতি।উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে শিক্ষক সমিতি।তবে শিক্ষক সমিতির আন্দোলনের বিরোধিতা করছেন বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষকদের সংগঠন শিক্ষক মঞ্চ ও প্রশাসনের পক্ষের শিক্ষকেরা। তাঁরা যথারীতি ক্লাস ও পরীক্ষা নিচ্ছেন।