অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। আবার কোনো প্রতিষ্ঠানে দিবসটি পালনই করা হয় না।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৭৭টি সরকারি প্রাথমিক, ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি কলেজ ও ১৩টি মাদ্রাসা আছে। এ ছাড়া রয়েছে ৩৪টি কিন্ডারগার্টেন।

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাগঞ্জ ও/এ ডিগ্রি মহাবিদ্যালয়, ইকরচালী উচ্চবিদ্যালয়, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ, ডাংগীরহাট স্কুল ও কলেজ, বরাতি উচ্চবিদ্যালয়, তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয় ও তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এলে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোনো কোনোটিতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না বানিয়ে শুধু আলোচনা সভা বা মিলাদ মাহফিল করে দিবসটি পালন করা হয়। আবার কিছু প্রতিষ্ঠানে তা-ও করা হয় না।

ইকরচালী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, সেখানে কোনো শহীদ মিনার নেই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার সরকার বলেন, ‘অর্থের অভাবে প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার তৈরি করতে পারিনি। ইকরচালী ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানকে বলেছিলাম। তাঁরাও শহীদ মিনার নির্মাণ করে দেননি। তাই একুশে ফেব্রুয়ারি এলে স্কুলের মাঠে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।’

লক্ষ্মীপুর বিড়াবড়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালেক শাহ্ গতকাল বিকেলে বলেন, ‘শহীদ মিনার নির্মাণের জন্য সাবেক সাংসদ ও উপজেলার পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলাম। তাঁরা শহীদ মিনার নির্মাণের জন্য কোনো অর্থ বরাদ্দ দেননি। বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে সহযোগিতা চেয়েছি, তিনি শহীদ মিনার নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’

ইকরচালী মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শহীদ মিনার নেই। তাই একুশে ফেব্রুয়ারির আগের দিন বিদ্যালয়ের মাঠে কলাগাছের শহীদ মিনার বানানো হয়।

পশ্চিম রহিমাপুর মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন বলে, ‘একুশে ফেব্রুয়ারির দিন ইশকুল ছুটি থাকে। স্যারেরা কলাগাছ দিয়া শহীদ মিনার বানায়। হামরা সকালে ওটে ফুল দেই।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম ও ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম গতকাল বলেন, শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকদের চিঠি দেওয়া হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, পরিকল্পনা করে পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হবে।