অধিকাংশ সরঞ্জামই নষ্ট!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির অধীন স্বেচ্ছাসেবী সংগঠনের ৮৯টি ইউনিটের অধিকাংশ সরঞ্জাম নষ্ট হয়ে পড়ে আছে। এতে প্রচারণা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা।ঘূর্ণিঝড় মহাসেনের উপকূলের দিকে ধেয়ে আসার খবরে পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের পাশাপাশি স্থানীয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পরিচালনাধীন স্বেচ্ছাসেবীরা প্রস্তুতি নেন। লোকজনকে আশ্রয়কেন্দ্রে ওঠার জন্য হ্যান্ডমাইকের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন স্বেচ্ছাসেবীরা।সোনাদিয়ার স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘আশ্রয়কেন্দ্রে ওঠার জন্য হ্যান্ডমাইকের মাধ্যমে এলাকায় প্রচারণা চালাচ্ছি। কিন্তু টর্চলাইট না থাকায় রাতে কাজ করতে পারব কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’ তিনি বলেন, প্রত্যেক স্বেচ্ছাসেবী ইউনিটে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হলেও তা অনেক আগেই নষ্ট হয়ে গেছে।স্থানীয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কার্যালয় সূত্র জানায়, একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ৮৯টি ইউনিট কাজ করছে। পাঁচজন নারী ও ১০ জন পুরুষ নিয়ে একেকটি ইউনিট গঠন করা হয়েছে। প্রতি ইউনিটে সাইকেল, হ্যান্ডমাইক, সাইরেন, রেডিও, টর্চলাইট, সংকেত প্রদানের পতাকা, রেইনকোট, হেলমেট, গামবুট, ফাস্ট এইড বক্স ও উদ্ধারসামগ্রী দেওয়া হলেও অধিকাংশ সরঞ্জামই নষ্ট হয়ে পড়ে আছে।ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির মহেশখালীর সহকারী পরিচালক মামুনার রশিদ প্রথম আলোকে বলেন, বিভিন্ন সরঞ্জাম কয়েক বছর আগে থেকেই নষ্ট হয়ে পড়ে আছে। এর পরও ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য এক হাজার ৩৩৫ জন কর্মী মাঠে কাজ করছেন।