অধিকাংশ স্কুল বাড়তি টাকা নিচ্ছে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার মানবিক বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত ফি (ফরম পূরণের জন্য) ৯৬০ টাকা। সর্বোচ্চ ফি বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৮৫ টাকা। কিন্তু রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বোর্ড নির্ধারিত ফির চেয়ে কয়েকগুণ বেশি আদায় করা হচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান ২০ হাজার টাকাও নিচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, তাঁদের এক প্রকার জিম্মি করে বেশি টাকা দিতে বাধ্য করছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ছাত্রমৈত্রী। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, তাঁরাও বিভিন্নভাবে জানতে পেরেছেন, অনেক বিদ্যালয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। আজ রোববার তিনি বোর্ড চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের সঙ্গে বসবেন। এ বিষয়ে তাঁদের খোঁজখবর করতে বলা হয়েছে। যেসব প্রতিষ্ঠান বেশি ফি নিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, বোর্ড যে ফি নির্ধারণ করে দিয়েছে, তাই আদায় করতে হবে। এর বেশি কোনোভাবেই নেওয়া যাবে না। মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠান বেশি টাকা আদায় করেছে, তাদের উচিত অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়া। ২০১১ সালের এসএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ১ ফেব্রুয়ারি। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার ফরম পূরণ করা যাবে এ বছরের ১৫ নভেম্বর পর্যন্ত। এরপর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৫ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে।ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার এসএসসির বিজ্ঞান শাখায় বোর্ড ও কেন্দ্র ফি মিলিয়ে ফরম পূরণের খরচ এক হাজার ৮৫ টাকা। এটিই সর্বোচ্চ। এর মধ্যে প্রতি পত্রের জন্য ৫৫ টাকা করে ১২টি (চতুর্থ বিষয়সহ) পত্রের জন্য ৬৬০ টাকা নেওয়া হচ্ছে। প্রতি ব্যবহারিক বিষয়ের জন্য ২৫ টাকা করে তিনটি বিষয়ের জন্য ৭৫ টাকা, ট্রান্সক্রিপ্টের জন্য ৩৫ টাকা, মূল সনদের জন্য ১০০ টাকা, স্কাউটের জন্য ১৫ টাকা এবং শিক্ষা সপ্তাহের জন্য পাঁচ টাকা ও কেন্দ্র ফি ২৫০ টাকা। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীর জন্য ব্যবহারিক বিষয়ের টাকা বাদে বাকি টাকা দিতে হবে।তবে মিরপুরের কম্বাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল এই খরচ না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। এর মধ্যে কোচিংয়ের জন্য অগ্রিম নেওয়া হচ্ছে আট হাজার টাকা। শিক্ষার্থীরা জানায়, যারা নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের কাছ থেকে জামানত হিসেবে আলাদা টাকা নিয়ে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে এমন একজনকে ফরম পূরণের জন্য দিতে হয়েছে ২০ হাজার টাকা। শুধু তা-ই নয়, তার জন্য হোস্টেলে থাকাও বাধ্যতামূলক করা হয়েছে। এ জন্য আরও ২০ হাজার টাকা দিতে হবে। একজন নিয়মিত ছাত্র জানায়, তার ফরম পূরণ করতে লেগেছে ১৬ হাজার টাকা।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘এসব মিথ্যা কথা’। তিনি জানান, তাঁদের বিদ্যালয় থেকে সরাসরি পরীক্ষা দেওয়ার অনুমতি নেই। চিড়িয়াখানা বোটানিক্যাল স্কুলের মাধ্যমে তাঁদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। ওই বিদ্যালয়টি ফরম পূরণের জন্য ছয় হাজার টাকা করে নিচ্ছে।উত্তরার মাইলস্টোন কলেজে ফরম পূরণের জন্য নেওয়া হচ্ছে ১৮ হাজার টাকা করে। একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘ওই টাকা না দিলে পরীক্ষা দিতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা হলেও শিক্ষার্থীদের কাছ থেকে জুন পর্যন্ত বেতন নেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল নুরুন্নবী অভিযোগ অস্বীকার করে বলেন, ফরম পূরণের এক হাজার ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এর বাইরে কোনো টাকা আদায় করা হচ্ছে না। জুন পর্যন্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আগামী বছরের মার্চ পর্যন্ত সময়ের বেতন আদায় করা হচ্ছে। তবে কারও যদি বেতন বাকি থাকে সেটি তো দিতে হবে। সে কারণে কাউকে হয়তো ১৮ হাজার টাকা দিতে হচ্ছে।এই দুই প্রতিষ্ঠান ছাড়াও রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল, খিলগাঁও কোয়ালিটি এডুকেশন স্কুল, শ্যামপুর বহুমুখী উচ্চবিদ্যালয়, শ্যামপুর মডেল স্কুল, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, কাকলী উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চার থেকে আট হাজার টাকা করে নেওয়া হচ্ছে।