সারা দেশে গতকাল শনিবার তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হয়। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী: সদর উপজেলার পাঁচ ও ডিমলা উপজেলার সাত ইউনিয়নে গতকাল উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। অধিকাংশ কেন্দ্রে সকালে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরের মধ্যে বেশির ভাগ ভোটকেন্দ্রে ৬০ শতাংশের বেশি ভোট পড়ার কথা জানান সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা। বেলা ১১টার দিকে চড়াইখোলা ইউপির পশ্চিম কুচিয়ারমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ সারি। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
সোনারায় ইউপির সোনারায় সংগলশী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে দুপুর সাড়ে ১২টায় অনেকটাই কমেছে ভোটার উপস্থিতি। সেখানে ওই সময়ে ভোট পড়েছে প্রায় ১ হাজার ২০০। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস ছাত্তার বলেন, সকালের দিকে ভোটারদের উপস্থিতি বেশি ছিল।
এসব কেন্দ্র ও চড়াইখোলা ইউপির কিসামত চড়াইখোলা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থানরত ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। চড়াইখোলা ইউপির আওয়ামী লীগের প্রার্থী মাহফুজার রহমান ও বিদ্রোহী প্রার্থী মুরাদ হোসেনও শান্তিপূর্ণ ভোটের কথা স্বীকার করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন খান বলেন, তাঁরা কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাননি। একই কথা বলেন সদর থানার ওসি শাহজাহান পাশা।
রংপুর: মিঠাপুকুরের সাতটি ইউপির কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। তবে দুপুরের পর পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ করা যায়।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ চলে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশের ওপরে।
কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়নে গতকাল নির্বাচন হয়। সকাল সাড়ে আটটায় রামখানা হাইস্কুলে দেখা যায়, পুরুষ বুথ ফাঁকা। মহিলা বুথে ৩০ জনের মতো মহিলা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। বেলা সাড়ে ১১ টায় ভিতরবন্ধ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, পুরুষ বুথগুলোতে ভিড় নেই। মহিলা ভোটারের বিশাল লাইন। ভোট দেওয়ার জন্য ছোটাছুটি করছে এইচএসসি পরীক্ষার্থী মহসিনা। সে বলে, ‘ভোট দিয়ে পরীক্ষা দিতে যাব। লম্বা লাইনের কারণে ভোট দিতে পারছি না।’ বিকেলে কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছুটা পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে পুলিশ ও র্যা ব গিয়ে পরিস্থিতি শান্ত করে।
জেলা নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন।
গাইবান্ধা: সদর উপজেলার সাত ইউপির কয়েকটি কেন্দ্র ঘুরে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে। বেলা ১১টায় খোলাহাটি ইউপির খোলাহাটি ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটারদের উপচে পড়া ভিড়। দুপুর সাড়ে ১২টায় উপজেলার ঘাগোয়া ইউপির দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে একই চিত্র চোখে পড়ে। ১ নম্বর ওয়ার্ডের ভোটার খায়রুল ইসলাম বলেন, ‘কেন্দ্রে আসার সময় ভয় লেগেছে। কিন্তু ভালোভাবেই ভোট দিতে পারলাম।’ বেলা দুইটায় খোলাহাটি ইউপির গোদারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা গেছে।
জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত ২৪টি কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন।’
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): উপজেলার ১০টি ইউনিয়নে গতকাল নির্বাচন হয়। পুলিশ জানায়, পীরগঞ্জ ইউপির ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বেলা একটার দিকে আওয়ামী লীগের প্রার্থী মোসারফ আলীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব আলমের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি শান্ত হয়। এ ছাড়া সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে দেখা গেছে।
ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।