অধিকাংশ সড়কে খানাখন্দ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন মেরামত না করায় কিশোরগঞ্জ শহরের বেশির ভাগ সড়কেই খানাখন্দের সৃষ্টি হয়ে তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের এসব গর্তে পানি, কাদা ও ময়লা-আবর্জনা জমে যায়। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরসভার ৭০ হাজারেরও বেশি বাসিন্দাকে।
পৌরসভা সূত্র জানায়, কিশোরগঞ্জ শহরে পৌরসভার আওতাধীন রাস্তার দৈর্ঘ্য ৭০ কিলোমিটার। এর মধ্যে ৬০ কিলোমিটারেরও বেশি অর্থাৎ ৮৫ শতাংশেরও বেশি অংশ ভাঙা ও ঝুঁকিপূর্ণ। চার-পাঁচ বছর আগে পৌরসভা এসব সড়কের উন্নয়নকাজ করেছিল। সম্প্রতি শহরে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দিন দিন সড়কগুলোতে পিচঢালাই উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাজহারুল ইসলাম ভূঞা ভাঙা রাস্তার কথা স্বীকার করে বলেন, শহরের কিছু কিছু রাস্তায় কাজ চলছে। অনেকগুলো রাস্তা মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে সব রাস্তার উন্নয়নকাজ করা হবে।
সরেজমিনে দেখা গেছে, শহরের এসব রাস্তার খানাখন্দে বৃষ্টির পানি জমে কাদা তৈরি হয়েছে। রাস্তায় প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে ছোট ছোট যানবাহন চলাচল করছে। হেঁটে চলা খুবই কষ্টকর। মাঝেমধ্যেই চলন্ত যানবাহনের চাকায় গর্তের কাদা ছিটকে যাত্রীদের শরীরে লাগে।
পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন চন্দ্র দে বলেন, শহরের অনেক সড়কে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত হয়ে আছে। গর্তে যানবাহনের চাকা আটকে অনেক সময় দুর্ঘটনাও ঘটছে। কিন্তু এগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
ব্যাটারিচালিত অটোরিকশার চালক রমজান আলী বলেন, শহরের সড়কগুলোর মধ্যে শুধু মেইন রোড গাইটাল থেকে গৌরাঙ্গ বাজার মোড় পর্যন্ত গাড়ি চালানো যায়। গাড়ি নিয়ে শহরের অন্য যেকোনো রাস্তায় গেলেই কান্না পায়। প্রায়ই গাড়ির চাকা নষ্ট হয়ে যায় এবং কোনো কোনো সময় গাড়ি উল্টে পড়ে যাত্রীরা আহত হয়।
পৌর বাসিন্দা জৈন উদ্দিন বলেন, পৌরসভার করের তুলনায় নাগরিক সুবিধা নেই বললেই চলে। দিন দিন করের পরিমাণ বাড়ছে। কিন্তু পৌর শহরের অলিগলির বেশির ভাগ রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বৃষ্টিতে ময়লা-আবর্জনা আটকে গেছে। বারবার আবেদন-নিবেদন করার পরও পৌর কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না।