জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনকে আরও জোরদার করতে হবে। বর্তমানে আন্দোলনের যে গতি রয়েছে, তা যথেষ্ট নয়। রাঙামাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গতকাল রোববার সকালে রাঙামাটি শহরের কল্যাণপুর এলাকার টংগ্যা মিলনায়তনে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্তু লারমা। তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে কাপেং ফাউন্ডেশন, সোসাইটি ফর ইন্টিগ্রেটেড উইমেন প্রোগ্রেস ও জাগরণী মহিলা সংস্থা।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, পার্বত্য নারী সমাজ অধিকার বিষয়ে আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি সোচ্চার। তিনি বলেন, বৃহত্তর জাতির সঙ্গে ক্ষুদ্র জাতিসত্তার লড়াই-সংগ্রাম অব্যাহত থাকবে। তা থেকে উত্তরণের উপায় কী হবে, তা খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায় বলেন, মৌলবাদ ও সহিংসতাবিরোধী আন্তর্জাতিক আন্দোলনে পার্বত্য চট্টগ্রামের নারীদের সম্পৃক্ত হতে হবে। পাশাপাশি পার্বত্যচুক্তি বাস্তবায়নসহ নারী ও কন্যাশিশুর অধিকার অর্জন, নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কাজ করে যেতে হবে। নারীদের অধিকার আন্দোলনের পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে স্থান করে নিতে হবে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন, জাতিগত সংঘাত-সহিংসতায় নির্যাতনের শিকার হয় নারী ও কন্যাশিশুরা। এসব সহিংসতা প্রতিরোধে একযোগে কাজ করতে হবে।
কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি শক্তিপদ ত্রিপুরা।
আয়োজকেরা বলেন, কর্মশালায় রাঙামাটি জেলার নারী অধিকার কর্মী, জনপ্রতিনিধি ও প্রথাগত প্রতিষ্ঠানের পুরুষ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।